২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব

পঞ্চগড় জেলার বোদায় ব্যাপক হারে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে শিশু ও মহিলাসহ প্রায় দুইশ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 10:47 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বোদা উপজেলার সর্দ্দারপাড়া, প্রামাণিকপাড়া, তিতোপাড়া, ইসলামবাগ, মাঝগ্রাম, বানিয়াপাড়া, সিপাহীপাড়া ও মীরপাড়ায় আক্রান্তের সংখ্যা বেশি। এসব গ্রামের কমপক্ষে ৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া আক্রান্তরা জানায়, দারিদ্র পীড়িত ওই গ্রামগুলোতে বর্তমানে অভাব চলছে। এ কারণে কাজ কর্ম না থাকায় গ্রামাঞ্চলে খাদ্যাভাবও দেখা দিয়েছে। অভুক্ত থাকা এবং ক্ষুধার তাড়নায় অখাদ্য-কুখাদ্য খাওয়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়ছে।

রোগীদের অভিযোগ, গ্রামগুলোতে ডায়রিয়া দ্রুত ডায়রিয়া ছড়িয়ে পড়লেও এখনও কোনও মেডিকেল টিম গঠন করা হয়নি।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রোগীদের ভিড়ে হাসপাতালের বেড সংকুলান না হওয়ায় অনেক রোগী ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। ডাক্তারদের সবাই উপস্থিত নেই। রোগীদের ঠিকমত ওষুধপথ্য সরবরাহ করা হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমজাদ হোসেনের সঙ্গে কথা বলতে গেলে তার অফিস কক্ষে তালা ঝুলতে দেখা যায়। তিনি কোথায় গেছেন অফিসের কেউ বলতে পারেনি।