বিচারপতি হামুদুর রহমানের নামে প্লট দখলের চেষ্ঠা উন্মাচিত করেছে হাইকোর্টের একটি বেঞ্চ
প্রতারণামূলক রীট মামলা দায়েরের মাধ্যমে রাজধানির ধানমন্ডি এলাকায় পাকিস্তান আমলের সাবেক প্রধান বিচারপতি হামুদুর রহমানের নামে বরাদ্দকৃত প্লট দখলের অপচেষ্ঠা উন্মোচিত করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
১৯৫৮ সালের ১২ নভেম্বর পাকিস্তান সরকার বিচারপতি হামুদুর রহমানের নামে একটি এক বিঘার প্লট (নং-৪০৫, সড়ক নং ২৭, পুরাতন) বরাদ্দ করেছিল।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে সরকার ওই সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করে। ২০০৪ সালে ওয়ারির লারমিনি স্ট্রীটের দাউদুর রহমানের পুত্র হামুদুর রহমান হাইকোর্টে উল্লেখিত সম্পত্তির মালিকানা দাবি করে একটি রীট দায়ের করে। আবেদনের সঙ্গে বিচারপতি হামুদুর রহমানের নামে সমস্ত কাগজপত্র সংযুক্ত করা হয। ২০০৪ সালের ১ নভেম্বর হাইকোর্ট এ ব্যাপারে একটি রুলও জারি করে। আবেদনের সঙ্গে সংযুক্ত কাগজপত্রে হামুদুর রহমান, হামিদুর রহমান ও হামোদুর রহমান নাম উল্লেখ করা হয়।
মহিউদ্দিন মহিন নামের মহাখালীর এক ব্যক্তি সম্প্রতি আবেদনকারি হামুদুর রহমানের প্রতিনিধি হিসেবে বিচারপতি জয়নুল আবেদিন ও বিচারপতি একেএম আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলার দ্রুত শুনানির জন্যে আবেদন করেন। তিনি আবেদনে বলেন, আবেদনকারি হামুদুর রহমানের বর্তমান বয়স ৮২ বছর। তিনি তার মৃত্যুর আগে ওই জমির বৈধ মালিকানা পেতে চান।
অ্যাডভোকেট এস রাশেদ জাহাঙ্গীর আবেদন দায়েরকারি আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন। আদালত আবেদনে গরমিল লক্ষ্য করে মঙ্গলবার শুনানির দিন ধার্য্য করে। মঙ্গলবার হাইকোর্টের কার্যতালিকায় ওই মামলাটি উঠে। আদালত লক্ষ্য করে যে, আবেদনকারি পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি এবং তিনি অনেক আগেই মারা গেছেন। আদালত ওই মামলা গ্রহণ করার কারণে অ্যাডভোকেট এস রাশেদ জাহাঙ্গীরকে অভিযুক্ত করেন। তাকে ফৌরদারি কার্যবিধির ১০ ধারা অনুসারে শাস্তি প্রদানের কথা উল্লেখ করে তার কাছে জানতে চান, তিনি আবেদনকারিকে দেখেছেন কিনা ?
এস রাশেদ জাহাঙ্গীর বলেন, তিনি হামুদুর রহমানকে একবার দেখেছেন। কিন্তু আদালতের জেরার মুখে তিনি আত্মসমর্পন করেন এবং আদালতের কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করে মামলার দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
আবেদনকারির প্রতিনিধি মহিউদ্দিন মহিন তার আবেদনে ইংরেজি বড় হাতের অক্ষরে নাম লেখেন। কিন্তু কোথাও সাক্ষর করেননি। মঙ্গলবার তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত রাশেদ জাহাঙ্গীরকে তার সিনিয়র আইনজীবীকে নিয়ে আসার নির্দেশ দেন। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম আদালতকে বলেন, তার জুনিয়র আইনজীবী সরল বিশ্বাসে মামলাটি গ্রহণ করেছেন। তিনি জাহাঙ্গীরের পক্ষে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
আদালত মামলাটি কার্যতালিকা থেকে বাতিল করে দেন।
