২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া বোমা : হোসেনা বেগমকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে নিজের বাড়িতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হোসেনা বেগমের (৫৫) অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সোমবার সকালে নিজের বাড়ির আঙ্গিনায় বোমা বিস্ফোরণে আহমদিয়া সম্প্রদায়ের সদস্য হোসেনা বেগমের বাম কব্জি উড়ে যায়। এছাড়াও বোমার স্প্লিন্টার তার বুক ও মুখে আঘাত করে।

হোসেনা বেগমকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তাররা সোমবার সাংবাদিকদের বলেন, বোমার আঘাতপ্রাপ্ত বাম কব্জি কেটে পেলার পরও তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে হোসনে বেগমের অবস্থার মারাত্মক অবনতি হয়।

মঙ্গলবার তার কান দিয়ে রক্ত পড়তে থাকে। ডাক্তাররা জানান, এটা অভ্যন্তরীণ রক্তক্ষরণের লক্ষণ।

হাসপাতালের আরএমও ডা. রানা নূর শামস বলেন,হাসপাতালে যেহেতু সিটি স্ক্যানের কোনও ব্যবস্থা নেই, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আহমদিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠিয়েছে।

ইতোমধ্যেই খোকন ও হোসেন নামে খতমে নব্যুয়তের দুই কর্মীকে তিন দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বিস্ফোরণের ঘটনায় হোসনে আরা বেগমের বড় ছেলে সালাউদ্দিন চৌধুরী সদর থানায় একটি মামলা দায়ের করে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে ব্রক্ষ্মণবাড়িয়ায় আহমদিয়অ সম্প্রদায়ের ওপর ধারাবাহিক বোমা হামলার প্রতিবাদে সাম্প্রদায়িকতা বিরোধী সাধারণ মানুষ একটি মানব বন্ধন তৈরি করে।