২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন: শেখ হাসিনা

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় বিএনপি-জামাত জোট সরকারের পতন না হলে বাস্তবায়িত হবে না।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

হাসিনা বলেন, জাতির পিতা নিহত হওয়ার পর গত ৩০ বছরে জনগণ কী পেয়েছে? তার হিসাব করতে হবে। দমন-পীড়নকারি জোট সরকারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে না।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতিসৌধ কমপ্লেক্স মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনা জনগণ ও দলীয় নেতা-কর্মীদের প্রতি খালেদা-নিজামীসহ বঙ্গবন্ধুর হত্যাকারি ও হত্যায় সাহায্যকারিদের বিচার বাংলাদেশের মাটিতে অনুষ্ঠানের ব্যাপারে শপথ নেওয়ার আহ্বান জানান।

সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর, শেখ এম আব্দুল্লাহ, মিরাজ আব্দুল জলিল, জাহাঙ্গীর কবির নানক, পঙ্কজ দেবনাথ এবং লিয়াকত শিকদার।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে গোপালগঞ্জের আশপাশের জেলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়ায় জমায়েত হয়।

ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে শেখ হাসিনা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চানবাড়ি এবং ভাঙ্গা বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুর খুনিদের সাথে সাবেক জিয়াউর রহমানের সম্পর্কের ব্যাপারে প্রশ্ন তুলে তিনি বলেন, তিনি খুনিদের সরকারের উচ্চপদে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর না করায় তিনি বর্তমান সরকারের নিন্দা করেন এবং জোট সরকারকে অভিযুক্ত করে বলেন, তারা বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করছে।

শেখ হাসিনা ক্ষমতাসীন জোট সরকারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্যে অভিযুক্ত করেন। তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে।

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে তিনি রক্ত দিতেও প্রস্তুত রয়েছেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিরোধী দলীয় নেতা বলেন, বাবা, মা, ভাইবোন ও অন্যান্য আত্মীয়-স্বজনদের হত্যার পর গত ত্রিশ বছর ধরে তিনি যন্ত্রণাময় জীবনযাপন করে যাচ্ছেন।

বিরোধী দলীয় নেত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে হাজার হাজার লোক অবস্থান নেয় এবং তারা নেত্রীকে এক নজর দেখার জন্যে বেশ কিছু স্থানে গাড়ির বহর থামিয়ে দেয়।

শেখ হাসিনা মঙ্গলবার গোপালগঞ্জে অবস্থান করবেন এবং বুধবার ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।