নিহত ব্যবসায়ী শহিদ কাজী হত্যা মামলায় সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে
মিরপুরের ব্যবসায়ী কাজী মো: শহীদুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী সৈয়দ মো. সেলিম নিজেকে হত্যাকাণ্ডে সম্পৃক্ত বলে উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড থেকে ১ দিন শেষে তাকে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসা হলে মহানগর হাকিম জাহাঙ্গীর আলমের খাস কামরায় প্রায় দুই ঘন্টা ধরে সে জবানবন্দি দেয়।
অন্যদিকে, গ্রেপ্তারকৃত অপর আসামী কাওসারকে মহানগর হাকিম এম.এ সালাম মঙ্গলবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সেলিমকে ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের খাস কামড়ায় নিয়ে যাওয়ার পর তাকে জবানবন্দি দেওযার ব্যাপারে চিন্তাভাবনা ও সিদ্ধান্তের জন্য সময় দেয়া হয়। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জবানবন্দিতে সেলিম জানায়, সে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করেছে। এক পর্যায়ে সে মিরপুরের সন্ত্রাসী শাহাদাত, আজম ও বাটি রাজুর দলে যোগ দেয় এবং চাঁদাবাজি শুরু করে। এই তিনজনের নির্দেশে তার সাথে গোদাখালীর শাহীন, দক্ষিণ বিশিলের কাওসার মোল্লা, সোহেল. শামীম ও রবিন টেলিফোনের বিভিন্ন দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা সংগ্রহ করতো।
সেলিম প্রতি চাঁদাবাজিতে ৫’শ থেকে ৬’শ টাকা ভাগ পেত। ফুটপাতের চাঁদাবাজিতে প্রতিদিন পেত ১’শ টাকা। সেলিম ‘নিউ আর্ট এণ্ড প্রচারক’ নামের একটি সাইনবোর্ড ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে কাজ করতো। ১১ আগস্ট সন্ধ্যায় আজম তাকে ফোন করে জানায়, একটা কাজ করতে হবে, এটাই শেষ কাজ। না পারলে তোর সমস্যা হবে।
প্রিন্স গ্রুপের মালিক শহীদুল্লাহর কাছে তারা ঘটনার আগে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিল্। জবাবে শহিদুল্লাহ জানায়, অনেক টাকা দিয়েছি। ব্যবসা খারাপ, আর দিতে পারবো না। এ কথা বলে সে টেলিফোনের লাইন কেটে দেয়। এতে শাহাদাত ক্ষিপ্ত হয়ে বলে, শহিদুল্লাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। শাহাদাত সেলিম ও আজমকে বলে , শুক্রবার দুইজন লোক যাবে।
অন্যদিক বৃহস্পতিবার ১১ আগস্ট সন্ধ্যায় শাহীন ‘নিউ আর্ট এন্ড প্রচারক’ দোকানে আসে। দোকানে বসে চা খেতে খেতে শাহীন সেলিমকে বলে, আজম ভাই ফোন করেছিল। শুক্রবার জুম্মার নামাজের পর দুইজন লোক পাঠাবে। শহীদ নামাজ থেকে বের হওয়ার পর তুই তাকে হালকা ধাক্কা দিবি। শাহাদাত ভাইয়ের দুই লোক তাকে চিনে নেবে।
শুক্রবার সাড়ে ১২ টায় দক্ষিণ বিশিল বায়তুল মামুর জামে মসজিদের পশ্চিম পাশের মাংসের দোকানে সেলিম দাঁড়ায়। অন্যদিকে শাহীন দাঁড়ায় দক্ষিণ বিশিলের খন্দকার জেনারেল স্টোরের পাশে। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে শাহীন তাকে ডাক দেয়। ওখানে দাঁড়িয়ে সেলিম কোক খাচ্ছিল। এসময়ে শাহীন কাংখিত দুইজন লোককে দেখায়। তাদের একজনের নাম আরিফ। এ সময়ে মোল্লা কাওসার চায়ের দোকানে চা খাচ্ছিল। সেলিম মসজিদের দ্বিতীয় তলার পেছনের কাতারে দাঁড়িয়ে ফরজ নামাজ শেষে নীচ তলার চলে যায়। পরিকল্পনা মতো শহীদ শহিদ কাজীকে সে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ১০-১৫ পা এগুনোর পরেই সে গুলির শব্দ শুনতে পায়। তাকিয়ে দেখে দুইজন গুলি করছে, অন্য একজন গুলি ভরছে। এসময় মুসুল্লীদের সাথে সেলিম পাশের ফোন-ফ্যাক্সের দোকানে দাঁড়ায়। কিছুক্ষণ পরে দেখে শহীদ কাজীর মাথায় গুলি লেগেছে এবং সে মাটিতে লুটিয়ে পড়েছে। শহীদ কাজীর ছেলে প্রিন্সও গুলিবিদ্ধ হয়েছে।
রাতে সেলিম শহিদুল্লাহর জানাজায় অংশ নেয়। পরে রানা প্রিন্টিং প্রেসের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
