সাতকানিয়ার আইয়ুব আলী হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়া আইয়ুব আলী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম হাসান ইমাম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
এছাড়া অপরাধ প্রমানিত না হওয়া তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। এক ডাকাতির ঘটনায় ডাকাতদলের সদস্যদের চিনে ফেলায় আইয়ুব আলীকে গুলি করা হত্যা করা হয়েছিল।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে একদল সশস্ত্র ডাকাত জেলার সাতকানিয়া থানাধীন চরতী ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা গ্রামে হানা দেয়। ডাকাতদলের সদস্যরা আইয়ুব আলী এবং আবদুর রহমান চৌধুরীর বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে চলে যাবার সময় আইয়ুব আলী তাদের চিনে ফেলে এবং বাধা দিতে গেলে ডাকাতদলের সদস্যরা তাকে পাশ্ববর্তী শঙ্খ নদী’র পাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।
এই ব্যাপারে নিহতের বড় ভাই আবদুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট সাতকানিয়া থানায় একটি মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা মোট ১৪ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পর্শকাতর মামলা মনিটরিং সেলের নির্দেশে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চলতি বছরের ১৩ মার্চ চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়।
মোট ১৩৫ কার্য দিবসে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল ঘোষিত রায়ে আসামী মোহাম্মদ মোস্তাক, হারুন, দিপক কান্তি দাশ ওরফে হিন্দু টিপু, মুসলমান টিপু, কিবরিয়া, নুনু, ইলিয়াস, রুবেল ওরফে বাচাইয়া, ইসহাক ওরফে ইছা, নাসের ওরফে নাসির এবং জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া টিপু, সাদেক এবং রফিক ওরফে রাফু নামে অপর তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন বিশেষ পি পি অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ ও অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ আনসারী। আসামী পক্ষে নিয়োজিত কৌসুলীরা হলেন অ্যাডভোকেট পরিতোষ দত্ত ও অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী।
