রাঙ্গামাটির ৩ বিদেশি অপহরণ মামলার নায়ক অভিলাষ চাকমা চট্টগ্রামে গ্রেফতার
পার্বত্য জেলা রাঙ্গামাটির কালাপাহাড়ে তিনজন বিদেশি অপহরণ মামলার প্রধান আসামী অভিলাষ চাকমাকে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা সোমবার রাতে চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করেছে।
২০০১ সালে নয় কোটি টাকা মুক্তিপণের দাবিতে রাঙ্গামাটির দূর্গম কালাপাহাড়ে তিনজন বিদেশী নাগরিককে একমাস জিম্মী করে আটকে রাখা হয়। পরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের মুক্তি ঘটে।
র্যাব জানায়, গোপণ সুত্রের ভিত্তিতে র্যাব সদস্যরা নগরীর লালদীঘি এলাকার ঐ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অভিলাষ চাকমাকে আটক করে। পরে তাকে রাঙ্গামাটির নানিয়ারচর থানায় কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক নেতা অভিলাষ চাকমাকে রাঙ্গামাটির দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হকের আদালতে সোপর্দ করা হয়। আদালতে পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়ার আবেদন জানায়। আদালত পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে অভিলাষকে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আবারও তারা রিমান্ডের আবেদন জানাবে। তিনজন বিদেশিকে অপহরণ ছাড়াও অভিলাষ চাকমার বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী, নাজিরহাট এবং রাঙ্গামাটির নানিয়ারচর ও কাউখালি থানায় তার বিরুদ্ধে আরো ৮টি মামলা রয়েছে।
অভিলাষ চাকমা পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ সাবেক নেতা। তবে মত বিরোধের কারণে ইউপিডিএফ পরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে।
২০০১ সালে রাঙ্গামাটির দূর্গম কাউখালীর কালাপাহাড় এলাকা থেকে ওই তিনজন বিদেশিকে অপহরণ করা হয়। বিপুল অংকের মুক্তিপণের বিনিময়ে অপহরণের এক মাস পর তাদের ছেড়ে দেওয়া হয়।
