২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোকেশনাল শিক্ষাক্রমের দুই হাজার শিক্ষার্থীর এইচএসসিতে ভর্তি অনিশ্চিত

স্কুল শিক্ষক ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের গাফলতির কারনে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের প্রায় দুই হাজার শিক্ষার্থীর এইচএসসিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

২০০৫ সালে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণকারী ১৯শ’ ৩৯ জন শিক্ষার্থীর কোড নাম্বার, রেজিস্টেশন নাম্বার ভুল ও লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড়মিল হওয়ার কারণে তাদের ফলাফল স্থগিত রাখা হয়।

ওই ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষা বোর্ডে নম্বরপত্র ওঠাতে ব্যাংক ড্রাফট করে কয়েক দিন অপেক্ষা করেও তা পাচ্ছে না এ নিয়ে তারা ভোগান্তির শিকার হচ্ছে। এরই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার বিষয়টি।

এ ব্যাপারে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহম্মদ সুলতান আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, এ বছর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে নম্বরপত্র তৈরি করা হচ্ছে-তাদের কাজের গতি কম থাকায় সময় মত মার্কশিট পাওয়া যাচ্ছে না ।

পরীক্ষার্থীদের ভর্তির ব্যাপারে তিনি জানান, আমাদের কিছু করার নাই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে উত্তীর্ণদের নম্বরপত্র প্রদান করা যায়।

তিনি আরও বলেন, যে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের গাফলতির কারণে শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয়েছে ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।