মনিটরিংয়ের অভাবে ৬ বছরেও এসিড সন্ত্রাসের দায়ে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি: এএসএফ
এসিড সন্ত্রাসের জন্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের ছয় বছরেও এ আইনে কারও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এসময় অন্তত ছয় জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ কার্যকর হয়েছে।
ধানমণ্ডির সিডিএমএ মিলনায়তনে মঙ্গলবার এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
এএসএফের সমন্বয়কারি মাহবুবা কুমকুম জানান, দেশে এসিড সন্ত্রাস ও এসিডের ব্যবহার নিয়ন্ত্রণে ২০০২ সালের শেষ দিকে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল গঠিত হয়েছে। প্রায় এক বছর আগে জেলা পর্যায়ে এসিড নিয়ন্ত্রণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব কমিটি গঠিত হবে জেলা প্রশাসকের নেতৃত্বে। কিন্তু গত এক বছরেও এসব কমিটি গঠন হয়নি সকল জেলায়। এ পর্যন্ত মাত্র ৮ থেকে ১০টি জেলায় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল গঠন করা হয়েছে বলে তিনি জানান।
মাহবুবা কুমকুম জানান, আইন প্রণয়ন হলেও আইন প্রয়োগের ক্ষেত্রে যথাযথ মনিটরিং না হওয়ায় আইনটি তেমন কাজে আসছে না। তবে এ আইন প্রণয়নের পর ব্যাপক সচেতনতা সৃষ্টির উদ্যোগের কারণে দেশে এসিড সন্ত্রাস কমেছে।
তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে বলেন, এ আইনে নিম্ন আদালতের অনেক রায় পরবর্তিতে কার্যকর হয়না। কারণ উচ্চ আদালত এসব রায়কে আবেগপ্রসূত অভিহিত করে নাকচ করে দেন।
এছাড়া যথাযথ সাক্ষীর অভাব, চিকিৎসকদের ব্যস্ততার কারণে সাক্ষ্য দিতে অপারগতা এবং আপোসের অযোগ্য এ অপরাধকেও বিকল্প বিচার ব্যবস্থায় আপোস করায় অনেক অপরাধীই পার পেয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত এএসএফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রথম সাত মাসে দেশে ১২০টি এসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এতে ১৫৪ জন নারী, পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছে। যা গত বছর একই সময়ে ছিল ১৫৯টি ঘটনায় ১৯৯ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সবচেয়ে বেশি এসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে ২০০২ সালে ৩৬৬টি। এতে আক্রান্তের সংখ্যা ছিল ৪৮৪ জন।
এছাড়া ২০০৪ সালে ২৬৬টি ঘটনায় ৩২২ জন, ২০০৩ সালে ৩৩৫টি ঘটনায় ৪১০ জন, ২০০১ সালে ২৫০টি ঘটনায় ৩৪৩ জন এবং ২০০০ সালে ১৭২টি ঘটনায় ২২৬ জন এসিড আক্রান্ত হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এএসএফের কোষাধ্যক্ষ এবং প্রিভেনশন অ্যাডভাইজরি গ্রুপের চেয়ারপার্সন এসএএম শওকত হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক খলিলুর রহমান, চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর, সাংবাদিক লুৎফুল হক, ঢাকা (পূর্ব) জুনিয়র চেম্বারের সভাপতি রেজাউল আমিন, এএসএফের অর্থ ও তহবিল সংগ্রহ বিভাগের প্রধান নীহারিকা মমতাজ।
