লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মিছিলে হামলা, গ্রেপ্তার ১০
লক্ষ্মীপুরে ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে সোমবার শোক দিবস পালিত হয়েছে।
এসময় পুলিশসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয় এবং পুলিশ এ ঘটনায় ১০ জনকে আটক করেছে।
সূত্র জানায়, বেলা তিনটার দিকে জেলা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় মাদামের ঘাট এলাকায় বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে শোক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের উত্তর বাজার এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়।
অন্যদিকে উত্তেজিত জনতার ইট-পাটকেল নিক্ষেপে সদর থানার ওসিসহ ১০ পুলিশও আহত হয়।
ঘটনার পর পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংঠটনের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
