২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক’র পর্যবেক্ষক মর্যাদা পেতে চীনের আগ্রহে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে

সাত-জাতির সমন্বয়ে গঠিত সার্ক’র পর্যবেক্ষক মর্যাদা পেতে চীনের আগ্রহের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সোমবার সাংবাদিকদের বলেন, শুরু থেকেই আমরা চীনের আগ্রহের প্রতি সমর্থন দিয়ে আসছি। তবে পর্যবেক্ষকের ক্রাইটেরিয়া কি হবে তা এখনো ঠিক করা হয়নি।

তিনি জানান, চীন ছাড়াও কয়েকটি ইউরোপীয় দেশ এবং জাপানের পক্ষ থেকেও পর্যবেক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

চীন দীর্ঘদিন ধরে সার্কের পর্যবেক্ষক হতে আগ্রহী। সিঙ্গাপুরকে রুট হিসেবে নিয়ে স্থল ও নৌ উভয় পথেই ভারতসহ এ অঞ্চলের অন্যান্য দেশের বাজার ধরতে চীন কূটনৈতিকভাবে অগ্রসর হচ্ছে।

ঢাকা এ ব্যাপারে ইতিবাচক অবস্থানে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি অন্য সদস্য দেশগুলোর মতামতের ওপর নির্ভর করছে।

১৩তম শীর্ষ সম্মেলনে এ সম্পর্কিত প্রতিবেদন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

গত এপ্রিলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র ভারত সফরের সময় ঢাকায় অনুষ্ঠিতব্য পরবর্তী শীর্ষ সম্মেলনে চীনের পর্যবেক্ষক হওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে ভারত জানিয়েছিল।