২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সার্ভিসে ৫ বছরে ৪৮ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার টাকার অনিয়ম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সার্ভিসে পাঁচ বছরে মোট প্রায় ৪৮ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার টাকার অনিয়ম ও আর্থিক ক্ষতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত এ পরিমাণ অনিয়ম হয়েছে বলে হিসাব নিরীক্ষা অধিদপ্তরের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে নিরীক্ষাকালে অডিট আপত্তির বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে যথাযথ তথ্য ও জবাব না পাওয়ার কথা বলা হয়েছে।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আসিফ আলী স্বাক্ষরিত এ প্রতিবেদনটি ২০০৪ সালে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সর্বোচ্চ ১০ কোটি থেকে সর্বনিম্ন ৩৬ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনিয়মের অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের অধীনে বিস্ফোরক দ্রব্য পরিদপ্তরে (ইন্সপেক্টরেট অব অ্যামুনেশন অ্যান্ড এক্সপ্লোসিভ-ইএএন্ডই) শুধুমাত্র বাতিলকৃত গোলাবারুদ গ্রহণের মাধ্যমে ১০ কোটি ৭ লাখ ৩৪ হাজার টাকার অনিয়ম হয়েছে। পরিদর্শনালয় থেকে বাতিল ঘোষিত ট্যাংক ট্রান্সপোর্টার নেওয়ায় ক্ষতি হয়েছে ৯ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা।

ক্রয় মহাপরিদপ্তরে একই সময়ে একই সামগ্রী বিভিন্ন দরে কেনায় প্রায় ৩ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা ক্ষতি হয়। প্যারাস্যুট ক্রয়ে বাতিলকৃত চুক্তির প্রতিস্থাপন না করেই নতুন চুক্তি করে একই সামগ্রী কেনায় ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি ৬ লাখ ১৭ হাজার টাকা। ত্রুটিপূর্ণ চুক্তির কারণে সরবরাহকারি প্রতিষ্ঠান অকেজো ডেইরি প্লান্ট করে প্রতিষ্ঠানের ক্ষতি করে প্রায় ২ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৭০টি ইসুজু ট্রাকের লোডবডি সংযোজনে একই ট্রাকের জন্যে দুবার চুক্তি করায় ২ কোটি ৭০ লাখ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হয় সংশ্লিষ্টদের। টেন্ডার সিডিউলের ১ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারেই জমা দেওয়া হয়নি। চুক্তির শর্ত লংঘণ করে সরবরাহকারি প্রতিষ্ঠানের কাছ থেকে এসময় প্রায় ২ কোটি টাকার খাওয়ার অনুপযোগী গুড়ো দুধ গ্রহণ করা হয়।

এতে মন্ত্রণালয়ের অধীনে বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ খাতে উড্ডয়ন কার্যক্রম স্থগিত করা ‘ফোগা’ ও ‘এএন-২৪’ এয়ার ক্রাফটের ইঞ্জিন ওভাহোলিংয়ে ২ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ও ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার টাকার ক্ষতি হয়।

প্রতিবেদনে প্রায় ৩১টি অডিট আপত্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত সম্পূর্ণ টাকাই আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি সুপারিশ করা হয়েছে।