মেঘনাঘাট-২ বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন
বেসরকারি খাতে মেঘনাঘাটে দ্বিতীয় পর্যায়ের ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণে স্থানীয় বিওএন কনসোর্টিয়ামের প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।
সর্বনিম্ন দরদাতা হিসাবে পিডিবি বিওএন’র কাছ থেকে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুত কিনবে ২ দশমিক ৭৮ মার্কিন সেন্ট দামে।
সোমবার মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব অনুমোদন শেষে অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, সর্বনিম্ন দরদাতা হিসাবে তাদের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ করে স্বল্পতম সময়ে বিওএন কনর্সোটিয়ামের সাথে চুক্তি স্বাক্ষর হবে।
চলতি বছরের মে মাসে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সর্বনিম্ন দরদাতা বিওএন কনসোর্টিয়ামের প্রস্তাব অনুমোদন না করে ফেরত পাঠায়। বলা হয়, প্রাক যোগ্যতা যাচাইয়ের পর বিওএন তার কনসোর্টিয়াম অংশীদার পরিবর্তন করেছে। তাই এর দর অনুমোদনের আগে কনসোর্টিয়ামে অংশীদার পরিবর্তন গ্রহণযোগ্য কিনা তার জন্য অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত দরকার।
গত ২৬ জুন সরকারের অর্থ ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটিতে এটি পেশ করা হয়। কমিটি প্রকল্প গ্রহনের জন্য প্রস্তাবটি ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর জন্য বিদ্যুত মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করে।
বিদ্যুত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিওএন কনসোর্টিয়ামের প্রস্তাব গ্রহণের বিষয়টি প্রায় আড়াই বছর ধরে ঝুলে আছে। প্রাক যোগ্যতা পর্যায়ে বিওএন এর কনসোর্টিয়াম অংশীদার ছিল জাপানের নিতসুয়ি কর্পোরেশন। চূড়ান্ত প্রস্তাব দেয়ার আগে তারা জার্মানীর স্টাগ কে অংশীদার হিসেবে গ্রহণ করে।
দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা মালয়েশিয়ার মালাকব’র দর ছিল ৩ দশমিক ৮০ সেন্ট।
পিডিবি’র একটি সূত্র জানায়, স্বল্প সময়ে বিওএন এর সাথে চুক্তি হলে তারা ১৬ মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে সক্ষম হবে। পুরো প্রকল্প শেষ করতে অর্থাৎ ৪৫০ মেগাওয়াট ক্ষমতায় নিয়ে যেতে ২৮ মাস সময় লাগবে। অনুমোদনের শর্ত অনুযায়ী ২৪ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে।
সরকারের আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) নীতিমালা অনুযায়ী প্রথম পর্যায়ে মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্রটি স্থাপন করে মার্কিন কোম্পানি এইএস কর্পোরেশন। পরে তারা এটি সিডিসি গ্লোবলেক এর কাছে বিক্রি করে দেয়।
এদিকে বিনা দরপত্রে মেঘনাঘাট-৩ বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ মার্কিন ক্যাডোগ্যান ম্যানিং গ্রুপ কে দেয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, আইপিপি স্থাপনে বিশ্বের সর্বনিম্ন দাম ছিল এইএস হরিপুর কেন্দ্রের। ৩৬০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুত কেন্দ্রের প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম ছিল মাত্র ২ দশমিক ৭৩ সেন্ট।
