২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অস্ত্রসহ ৩ আদিবাসী গ্রেফতার

পার্বত্য জেলা বান্দরবানের সদর এলাকা থেকে রোববার গভীর রাতে সেনাসদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ কথিত তিনজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 03:46 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, আটককৃতরা সকলেই পাহাড়ি মারমা জনগোষ্ঠির। সোমবার আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, উবা চিং (৪২), কেও চিং (১৮) এবং লপু চিং (২০)। গ্রেফতারকৃতরা বলছে, এটি একটি সাজানো নাটক। তারা আদৌ সন্ত্রাসী নয়।

গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাতে সেনাবাহিনীর একটি দল বান্দরবানের সদর এলাকার টাউন হল পাড়ার একটি ঘরে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজন কথিত অস্ত্র ব্যবসায়ীদের আটক করে।

নিরাপত্তা বাহিনী জানায়, আটককৃতদের কাছ থেকে একটি অস্ত্র ব্যবসার চিঠি উদ্ধার করা হয়েছে। ওই চিঠিতে একটি একে ৪৭ রাইফেল চালানের কথা রয়েছে।

তবে গ্রেফতারকৃতরা বলছে ভিন্ন কথা। উবা চিং বিডিনিউজকে জানায়, এটি একটি সাজানো নাটক। অস্ত্র ব্যবসার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আকস্মিকভাবে তাদের ঘরে ঢুকে একটি পিস্তল ধরিয়ে দিয়ে ছবি তোলে। এখন তাদের সন্ত্রাসী বানানো হচ্ছে।