রাজশাহীতে র্যাবের ক্রসফায়ারে পাবনার ২ চরমপন্থী সন্ত্রাসী নিহত
রাজশাহীতে র্যাবের ক্রসফায়ারে পাবনার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা ফিরোজ মল্লিক ও বাবলু খাঁ রোববার গভীর রাতে নিহত হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ পাবনা ক্যাম্পের সদস্যরা রোববার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বাড়ইপাড়া ফার্ম এলাকা থেকে ফিরোজ মল্লিক (৩৫) ও বাবলু খা (৩২)কে গ্রেফতার করে।
তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৮টি করে হত্যাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজশাহী র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
তারা র্যাবের কাছে গুরুত্বপূর্ন তথ্য দেয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা রাত সোয়া ১২টায় তাদেরকে নিয়ে নওগাঁ জেলার মান্দা উপজেলার উদ্দেশ্যে রওনা হয়। রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার মৌমাছি বাজারের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় মান্দা থানা পুলিশ র্যাবকে সহযোগিতা করতে এগিয়ে আসে। উভয়পক্ষের মধ্যে প্রায় ৭/৮ মিনিট ধরে গুলি বিনিময়কালে র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ফিরোজ এবং বাবলু গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় পুলিশের সহায়তায় তাদেরকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি গুলি, একটি চাপাতি, একটি হাসুয়া এবং ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
