বিশাল কেক কেটে ঢাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল ছাত্রদল
৬১ পাউন্ড ওজনের বিশাল এক কেক কেটে এবং মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে সোমবার মধুর কেন্টিনে উৎসবমুখর পরিবেশে পালিত হয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৬০ তম জন্মদিন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা মধুর কেন্টিনে জড়ো হতে থাকে। সকাল ১১টায় কেক কেটে প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রীর জন্মদিন পালন করে তারা। ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
এ সময় মধুর কেন্টিনের পরিবেশ ছিল উৎসবমুখর। নেতৃবৃন্দ একে অপরকে মিষ্টি খাওয়ান।
১৯৪৫ সালের এই দিনে প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
