নেতাজীকে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের পরিকল্পনায় হত্যা করা হয়
ভারতের কিংবদন্তী নেতাজী সুভাষ চন্দ্র বসুর হত্যার নেপথ্যে ব্রিটিশ পররাষ্ট্র দফতর জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
ডাবলিনের ট্রিনিটি কলেজের এক ইতিহাসবিদ ১৯৪১ সালে নেতাজী হত্যার তথ্যপ্রমাণ উদ্ঘাটন করেছেন।
তিনি রোববার কলকাতার নেতাজী গবেষণা ব্যুরোতে ভাষণ প্রদানকালে প্রথমবারের মতো এ তথ্য উপস্থাপন করেছেন।
ভারতের স্বাধীনতা দিবসে জনসমক্ষে ওই গোপন তথ্য প্রকাশ করা হবে। তার আগে কলকাতায় বসবাসরত নেতাজীর পরিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে দেখা করে এ ব্যাপারে আলোচনা করেছেন।
১৯৪১ সালের ৭ মার্চ কলকাতায় গৃহবন্দী থাকা অবস্থায় কাবুলে পালিয়ে যান নেতাজী। কাবুলে আত্মগোপন করে থাকার সময় তাকে হত্যার আদেশ দেওয়া হয়। পরে জুনে এ আদেশ কার্যকর করা হয়।
ধারণা করা হচ্ছে, গোপনে জার্মানি চলে যাওয়ার পথে তুর্কিতে তাকে হত্যার চেষ্টা চালানো হয়।
ট্রিনিটি কলেজের অধ্যাপক ইউনান ও’হালপিন লন্ডনের পাবলিক রেকর্ডস অফিস থেকে নেতাজীকে হত্যার হুকুমনামাটি খুঁজে বের করেছেন। নেতাজীকে ব্রিটিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে সোচ্চার নেতা বলে উল্লেখ করে তিনি বলেন, ব্রিটিশ সাম্রাজ্য থেকে মিত্রপক্ষের সহায়তায় বল প্রয়োগের মাধ্যমে ভারতকে মুক্ত করার পরিকল্পনার কারণেই তাকে হত্যার চেষ্টা চালানো হয়।
