২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য বিমোচনে মৎস্য খাত হতে পারে সর্বোত্তম হাতিয়ার: মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী

মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দারিদ্র্য বিমোচনে মৎস্য খাত হতে পারে সর্বোত্তম হাতিয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

তিনি বলেন, শ্রমঘন ও স্বল্প বিনিয়োগ নির্ভর দেশের উজ্জ্বলতম খাত হচ্ছে মৎস্য ও পশুসম্পদ।

জাতীয় মৎস্য পক্ষের ৮ম দিনে রোববার রজধানীর একটি হোটেলে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, মালয়েশিয়া ভিত্তিক ওয়ার্ল্ড ফিস সেন্টার ও বাংলাদেশ শ্রিম্প ও ফিস ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

সেমিনারে বক্তারা দারিদ্র্য বিমোচন কৌশল পত্রের আওতায় মৎস্য খাতের উন্নয়নে রোড ম্যাপ প্রণয়ন করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, প্রাকৃতিক ও পরিবেশগত কারণে নদীমাতৃক বাংলাদেশের রয়েছে মাছ উৎপাদনের বিস্তৃত ক্ষেত্র। দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থানে এ খাতের ভূমিকা ও সম্ভাবনা যথেষ্ঠ। পরিকল্পিতভাবে প্রতি ঘন ইঞ্চি জলাশয়কে উৎপাদনের আওতায় আনা সম্ভব হলে দেশ থেকে দারিদ্র্যের ছাপ মুছে ফেলা সম্ভব।

মৎস্য ও পশুসম্পদ সচিব মোঃ আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ধীরেন্দ্র নাথ সাহা এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, ওয়ার্ল্ড ফিস সেন্টারের মহাপরিচালক ড. স্টিফেন জে হল, বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. সালেহ্ উদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক ও ওয়ার্ল্ড ফিস সেন্টারের আঞ্চলিক পরিচালক এলান ব্রুকস বক্তৃতা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আলী তসলিম, বিএসএফএফ-এর নির্বাহি পরিচালক ড. মাহমুদুল করিম, পিআরএসপি প্রণয়ন সম্পর্কিত লিড কনসালট্যান্ট ড. হোসেইন জিল্লুর রহমান ও ওয়ার্ল্ড ফিস সেন্টারের পরিচালক ড. মাহফুজ উদ্দিন আহমেদ সেমিনারে প্রবন্ধসমূহ উপস্থাপন করেন।

মন্ত্রী বলেন, যথাযথ উৎপাদন কৌশল, প্রশিক্ষণ, ঋণপ্রাপ্তি নিশ্চিত করা ইত্যাদির মাধ্যমে পুকুর-দিঘিতে বছরে বর্তমান উৎপাদন ২.৫ মেট্রিক টন থেকে সহজেই ৩-৪ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব। তিনি বলেন, উৎপাদনের আওতায় আনতে হবে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় প্লাবন ভূমিকে। ৫২ লাখ হেক্টরের মুক্ত জলাশয়ের সাথে আমাদের আছে এক লাখ ৬৬ হাজার বর্গ কিলোমিটারের সামুদ্রিক জলসম্পদ। এক্ষেত্রে বৃদ্ধি করতে হবে বিনিয়োগ ও মার্কেট সুবিধা। তিনি সম্ভাবনার এ নবদিগন্তের বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।