২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাল উদ্দিনের পরিবারের জন্য আর কোন আশা নেই

জামাল উদ্দিন অপহরণ মামলার প্রধান আসামী শহিদ চেয়ারম্যান বিভ্রান্তিমূলক স্বীকারোক্তি দেওয়ায় চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিনের পরিবারের মধ্যে পুনরায় চরম হতাশা নেমে এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

অপহরণের এক মাস পর জামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে, শহিদ চেয়ারম্যানের এ ধরণের স্বীকারোক্তির পর জামাল উদ্দিনের বেঁচে থাকার আর কোন আশাই নেই।

শহিদ চেয়ারম্যানের গ্রেপ্তারের খবর শোনার সঙ্গে সঙ্গে জামাল উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার এবং বড় ছেলে চৌধুরী ফরমান রেজা (লিটন) র‌্যাব অফিসে যায়। জামাল উদ্দিন বেঁচে আছেন, না মারা গেছেন র‌্যাব কর্মকর্তাদের প্রতি এটাই ছিল তাদের একমাত্র প্রশ্ন।

শনিবার রাতে র‌্যাব সদস্যরা ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণ মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান শহিদকে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছ থেকে গ্রেপ্তার করে।

তবে দীর্ঘ পাঁচ ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেও তারা শহিদ চেয়ারম্যানের কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পারে নি।

বিভিন্ন সরকারি সংস্থা, পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট মহল আশা করেছিল, জামাল উদ্দিন অপহরণ মামলার দুই প্রধান আসামী গ্রেপ্তার হলে অপহৃতের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

জামাল উদ্দিনকে অপহরণকারী মাইক্রোবাসের চালক ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছিল, আনোয়ারার ইউপি শহিদুল ইসলাম এবং ফটিকছড়ির ইউপি চেয়ারম্যান কাশেম জামাল উদ্দিনকে অপরহরণ করে।

শহিদ চেয়ারম্যানের দেওয়া বিভ্রান্তিমূলক স্বীকারোক্তিতে রহস্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে অপহৃতের পরিবার অভিযোগ করে, সরকারের ভাবমূর্তি রক্ষা করা ছাড়া এই গ্রেপ্তারের আর কোনও অর্থ নেই। কেননা তারা অপহৃতকে জীবিত অথবা মৃত কোনও অবস্থাতেই উদ্ধার করতে পারে নি।