২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় বিদেশী জাহাজে পাচারের সময় তিন লাখ লিটার ডিজেলসহ দেশীয় ট্যাঙ্কার আটক, গ্রেফতার ১১

মংলা সমুদ্র বন্দরে অবস্থানরত এম.ভি. কে.এস. হারমোনি নামে পানামার পতাকাবাহী একটি জাহাজে পাচারের সময় রোববার সকালে কোস্টগার্ড ৩ লাখ ১০ হাজার লিটার ডিজেলসহ এম.ভি.প্রিয়াঙ্কা নামের একটি বাংলাদেশী ট্যাঙ্কার আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এ সময় ট্যাঙ্কারের ৯ জন ক্রু এবং খুলনার ফুলতলা এলাকার দ’ুটি ফিলিং স্টেশনের দুই কর্মচারীকেও আটক করা হয়েছে। তবে বিদেশী জাহাজটি বা তার কোন ক্রুকে আটক করা হয়নি। উদ্ধারকৃত ডিজেলের মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা।

কোস্টগার্ড জানায়, খুলনার ফুলতলা এলাকার সুভাষ বাবুর মালিকানাধীন প্রভাতী ফিলিং স্টেশন ও রুহুল আমিনের মালিকানাধীন সাউথ বেঙ্গল ফিলিং এজেন্সী থেকে ডিজেল এনে ওই বিদেশী জাহাজে পাচার করা হচ্ছিলো।

আটককৃতরা হলো-এম.ভি. প্রিয়াঙ্কার ইব্রাহিম, সালেহ আহমেদ, মো: জাফর, সাহাবুদ্দিন, জুয়েল, মামুন, হায়দার, ইমরান ও মনির এবং প্রভাতী ফিলিং স্টেশনের কর্মচারী আবুল বাশার এবং সাউথ বেঙ্গল ফিলিং এজেন্সীর মনোজিৎ বিশ্বাস।

কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডেন্ট কমান্ডার এম.এ.মতিন এ ঘটনা স্বীকার করেছেন।

তবে বিদেশী জাহাজটি আটক না করা প্রসঙ্গে কোস্টগার্ড কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

জানা গেছে, জাহাজটি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে। সোমবার জাহাজটির সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা।

এদিকে এই ডিজেলের বৈধতা সম্পর্কে প্রভাতী ফিলিং স্টেশন কর্র্তৃপক্ষ জানায়, তাদের কাছে এ সংক্রান্ত সব ধরণের বৈধ কাগজ রয়েছে। তারা দাবি করেন যে ব্যবসায়িক বিরোধের জের ধরে প্রতিপক্ষ একটি মহল তাদের হয়রানি করতে কোস্টগার্ডকে ভুল তথ্য দিয়েছে।