চুরির মামলায় আগাম জামিন পেলেন বাবুল
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়ের করা একটি চুরি মামলায় হাইকোর্ট শনিবার আগাম জামিন প্রদান করেছেন।
হোয়াইট হাউজ গ্রুপের চেয়ারম্যান কেফায়েতুল্লাহ মাসুদ তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
আদালতে উপস্থিত হয়ে বাবুল জামিনের আবেদন জানান। জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি ফজলুর রহমানকে নিয়ে গঠিত একটি বেঞ্চ আবেদনকারীকে কেন নিয়মিত জামিন প্রদান করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর জন্যে সরকারের প্রতি নির্দেশ জারি করেন।
মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ জামিন আদেশ কার্যকর থাকবে।
গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ৮ আগস্ট নুরুল ইসলাম বাবুল মতিঝিলের সেনাকল্যাণ ভবনের সামনে থেকে তার গাড়ির (ঢাকা-ঘ-৯৭৪১) লাইট কভার ও হেডলাইটসহ মোট দুই লাখ টাকার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যান।
জামিন আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. আব্দুল মতিন খসরু।
