২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকছড়িতে দু’সপ্তাহে ২৬ জন উপজাতি যুবক অপহৃত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে বিবাদমান দুটি আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস ওইউপিডিএফ’র মধ্যে বিরোধের জের ধরে দু’সপ্তাহে ২৬ জন উপজাতি যুবক অপহৃত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 10:22 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

অপহরণের এ ঘটনায় ১৫টি গ্রামের মানুষ উদ্বেগ, উৎকন্ঠার মধ্যে রয়েছে।

এছাড়া বেশ কয়েক দফায় ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত সাত জনকে পুলিশ আটক করেছে।

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সূত্র জানায়, গত ৩ আগস্ট মানিকছড়ি উপজেলার নিয়ং মরুং কার্বারী পাড়া থেকে সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছে দুয়অং মারমা (২৪), চাইহ্লাপ্রু মারমা (২৫), পংচাই মারমা (২৩), মংপ্রু মারমা (২৫) ও কংবোলা মারমা (২১)।

গত ২৪ জুলাই দুসরিপাড়া থেকে অপহৃত হয় চুমুকে চাকমা (৪০), বালি চাকমা (৪৫) ও কমলধন চাকমা (৫২)।

মানিকছড়ির গাইদং এলাকা থেকে অপহৃত হয় বেলাশে মারমা (৩০), অংগ্য মারমা (২৫)।

গত ২২ জুলাই চাইল্লাতলী থেকে আরও অপহরণ করা হয় ১৬ জন গ্রামবাসীকে। সব মিলিয়ে গত দুই সপ্তাহের ব্যবধানে ২৬ জন উপজাতিকে অপহরণ করা হয়েছে।

অপহরণের ঘটনার সাথে জেসএসএস জড়িত বলে ইউপিডিএফ অভিযোগ করেছে।

জেএসএস পাল্টা এ অভিযোগ অস্বীকার করে জানায়, অপহরণের শিকার হয়েছে অনেক সাধারণ জেএসএস সমর্থক।

সেনাবাহিনী ও পুলিশ এ অপহরণের কথা স্বীকার করেছে।

একের পর এক অপহরণ ঘটনায় মানিকছড়ি, মহালছড়ি উপজেলায় আতংক বিরাজ করছে।