ওমানে জনশক্তি রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা
ওমানে বাংলাদেশের জনশক্তি রপ্তানি কমে যাওয়ার সম্ভাবনার উদ্বেগজনক তথ্য দিয়েছেন ওমানে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার।
তিনি জানান, বাংলাদেশ যদি ওমানের সাথে অতিদ্রুত এই বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয় তাহলে এই ক্ষতির সম্মুখিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে একান্ত আলাপে রাষ্ট্রদূত বিডিনিউজকে বলেন, স্বাধীনতার পর থেকে ভ্রাতৃপ্রতীম দুইদেশের মধ্যে কোন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। যদিও ওমান বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে যথেষ্ঠ আগ্রহী।
তিনি জানান ওমান ইতিমধ্যে ‘রিসিপ্রোকাল প্রমোশন এন্ড ইনভেস্টমেন্ট’ নামে একটি চুক্তির প্রস্তব দিয়েছে। কিন্তু এ বিষয়ে বাংলাদেশের কোন সাড়া না দেওয়ায় তার কোন ইতিবাচক ফলাফল আসেনি।
তিনি বলেন, জনশক্তি রপ্তানি ছাড়া ওমানের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক কোন অর্থনৈতিক সম্পর্ক নেই। কিন্তু দুদেশের মধ্যে ব্যাবসা বানিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে ।
গোলাম আকবর খন্দকার, যিনি চট্টগ্রাম বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক এবং জেলার উত্তর শাখা কমিটির সভাপতি, জানান, এক লাখ পাঁচ হাজার বাংলাদেশী ওমানে কাজ করেছে এবং তারা দেশের বৈদেশিক রেমিটেন্সে ১৪ বিলিয়ন টাকা সহায়তা করেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ওমানে বাংলাদেশী তৈরি পোশাক, সিরামিক ও ঔষুধ রপ্তানি করার ব্যাপাক সুযোগ রয়েছে।
গোলাম আকবর খন্দকার ১৭ আগস্ট রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয় পত্র পেশ করবেন। উভয় দশের স্বার্থে ওমান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনে সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করে।
