২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি সম্পদের অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ

জ্বালানি সম্পদের অপব্যবহার বা অধিক ব্যবহার প্রতিরোধের লক্ষ্যে শুক্রবার এক আলোচনা সভায় বক্তারা জণসচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়ে বক্তারা বলেন বর্তমান বিশ্বে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

জ্বালানি নিরাপত্তা ইস্যুতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার জন্যে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সমাজ রূপায়ন অধিকার কেন্দ্র নামে একটি সামাজিক পরিবর্তন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দিন মাহমুদ কামাল মূল নিবন্ধ উপস্থাপন করেন। নিবন্ধে তিনি বলেন, জ্বালানি দ্রব্য উৎপাদনে গ্যাসের ওপর অধিক নির্ভরশীলতার ফলে বাংলাদেশ এখন ব্যাপক সম্পদের সংকটে ভুগছে।

তিনি বিশেষজ্ঞদের গবেষণার উদ্ধৃতি বলেন, ২০১৫ সাল নাগাদ গ্যাসের মওজুদ শেষ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। সুতরাং এখন থেকেই আমাদের গ্যাসের বিকল্প খুঁজে বের করার চেষ্টা করতে হবে।

বাংলাদেশে জ্বলানির কাজে কয়লা ব্যবহার করা উচিত বলে আলোচনা সভায় ড. বাবুল ইসলাম মতামত ব্যক্ত করেন। ভুল জ্বালানি নীতির জন্য সরকারকে দোষারোপ করেন তিনি।

দেশের প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করার জন্য সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জনান ড. সিরাজুল ইসলাম চৌধুরী ।

তিনি বলেন, এটা সত্যি নয় যে বিদেশের সহায্য ছাড়া আমরা আমাদের সম্পদ উত্তোলন বা প্রক্রিয়াজাত করতে পারব না। হয়তো এর জন্য সময় লাগবে, কিন্তু দেশপ্রেমিক জনগণ বাস্তবতায় উপলব্ধি করে দেশের সেবায় এগিয়ে আসবে ।

অধ্যাপাক আনু মোহাম্মদ তার আলোচনায়, তৃতীয় বিশ্বের জ্বালানি সম্পদ দখল করে নিতে সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জনান।

টিপু বিশ্বাস বলেন, সত্যিকার অর্থে জ্বালানি নিরাপত্তা একটি রাজনৈতিক ইস্যু, অর্থনৈতিক এজেন্ডা, একে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, সলিমুল্লাহ খান, এফআর সিদ্দিকি, ইঞ্জিনিয়ার এনামুল হক, আমিনুল ইসলাম, জোনায়েদ সাকি, এস এম শাহ আলম প্রমুখ। সভায় সঞ্চালকের ভুমিকা পালন করেন অধ্যাপক আহমেদ কামাল।