২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা নদীকে মাছের অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা

মৎস্য ও জলজ সম্পদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও রাজনীতিকরা শুক্রবার চট্টগ্রামের হালদা নদীকে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে ঘোষণা করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তারা নদীটিকে মাছের অভয়ারণ্য ঘোষণারও দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জাতীয় মৎস্য পক্ষ’০৫ এর ৬ষ্ঠ দিনে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা একথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

শুধু দেশের নয় বিশ্বের একমাত্র জোঁয়ার-ভাটা প্রভাবিত রুই, কাতলা, মৃগেল ও কালিবাউসের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। এ বিশাল ও অনন্য সম্পদ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে দিন দিন বিলুপ্ত হতে চলেছে।

মন্ত্রী জানান, সরকার এর গুরুত্ব অনুধাবন করে হালদায় প্রাকৃতিক প্রজননের বাঁধা, সম্ভাবনা ও উন্নয়ন কৌশল নির্ধারণের লক্ষ্যে মালয়েশিয়াভিত্তিক ওয়ার্ল্ড ফিস সেন্টারের কারিগরি ও আর্থিক সহায়তায় সমন্বিত গবেষণা ও সমীক্ষা কার্যক্রম হাতে নিয়েছে।

মৎস্য ও পশুসম্পদ সচিব মোঃ আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নাসির উদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ফিস সেন্টারের পরিচালক ড. মাহফুজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. বাহাদুর মিয়া এবং বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের সিএসও ড. খলিলুর রহমান বক্তৃতা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আলী আজাদী। তিনি দীর্ঘ দিন হালদা নদীর ধারে মৎস্য প্রজনন বিষয়ে কাজ করছেন।

প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী বলেন, দেশের রুই-কাতলার প্রকৃত জিন ব্যাংক বাঁচিয়ে রাখা ও মৎস্য খাতের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে হালদা নদীর অবদান অপরিসীম। এ নদীতে রুই-কাতলার ডিম ছাড়ার পরিমাণ দিন দিন কমছে। কমার প্রকৃত কারণ উদঘাটন ও প্রজনন কার্যক্রম বৃদ্ধির কৌশল নির্ণয়ে সরকার ব্যাপক উদ্যোগ এবং গবেষণা ও সমীক্ষা কার্যক্রম জোরদার করছে।

এ বিষয়ে শীঘ্রই একটি মাল্টি সেক্টরাল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে যার আওতায় অভয়াশ্রম ঘোষণা, ফিস পাস নির্মাণ, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে মাছের প্যান বা কেস কালচার ব্যবস্থা গ্রহণ, হ্যাচারি-নার্সারি স্থাপন, মৎস্যজীবী ও ইঞ্জিনবোট চালকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, ওয়াপদা বাঁধ সংস্কার করে বনায়নসহ মানুষের চলাচল সহজ করার উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, এপ্রিল থেকে জুন মাসে হালদা নদীর মা-মাছ রক্ষার জন্য ইলিশের মতো মৎস্য আইনের কঠোর প্রয়োগ করা হবে। সরকার যে কোন মূল্যে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদাকে রক্ষা করতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

রুই জাতীয় মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে হালদার পরিচিতি বিশ্বব্যাপী। ১৯টি প্রধান খাল ও অসংখ্য পাহাড়ি ছড়া এ নদীর পানির উৎস। ১৯৫৫ সালের পূর্বে এ নদী থেকে বছরে ৪০-৫০ হাজার কেজি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হতো। কিন্তু কালের বিবর্তনে এবং প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানাবিধ কারণে এর পরিমাণ আশংকাজনকভাবে কমে এসেছে। গত মৌসুমে সংগৃহীত ডিমের পরিমাণ ছিল মাত্র ১৫০ কেজি।

সরকার এবারের মৎস্য পক্ষের ৯টি জাতীয় সেমিনারের সুপারিশ থেকে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে মৎস্য খাতের উন্নয়নে জাতীয় সুপারিশমালা প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। হালদা নদীর অনন্য প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় সরকার বিশেষ পদক্ষেপ নেবে।