২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে সশস্ত্র হামলা, আহত ৫

চুয়াডাঙ্গার আন্তঃজেলা বাস টার্মিনালের কাউন্টার দখলের জন্য শুক্রবার সকালে স্থানীয় একটি গ্রুপ সশস্ত্র হামলা চালালে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ পাঁচজন কর্মচারি আহত হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পুলিশ এ ঘটনার সাথে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্র জানায়, নুরনগর গ্রামের কালু ড্রাইভারের ছেলে লিটনের নেতৃত্বে স্থানীয় একটি সশস্ত্র দল গত দুই মাস ধরে টার্মিনালের কাউন্টার দখলের জন্য দফায় দফায় হামলা চালিয়ে আসছিল।

শুক্রবার সকালে তারা সশস্ত্র হামলা চালিয়ে কাউন্টার দখল করে নেয় এবং কর্মরত সময় নিয়ন্ত্রকদের তাড়িয়ে দেয়। এরপর থেকে তারা টার্মিনালে চলাচলকারি সকল বাস থেকে ইচ্ছে মতো টাকা তুলতে থাকে।

সময় নিয়ন্ত্রকরা এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের মারধোর করে এবং ধারাল অন্ত্র দিয়ে আঘাত করে। এসময় জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদসহ পাঁচ সময় নিয়ন্ত্রক আহত হন।

আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে রাশেদুল ইসলাম রাশেদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ এজহারভুক্ত পাঁচ আসামীকে গ্রেফতার করে। এছাড়া পুলিশ কাউন্টারের দায়িত্ব সংশ্লিষ্ট সময় নিয়ন্ত্রকদের বুঝিয়ে দেয়। শুক্রবার সারাদিন পুলিশের প্রহরায় টার্মিনালে বাস চলাচল করে।