চুয়াডাঙ্গায় র্যাবের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা
চুয়াডাঙ্গা জেলা শহরে র্যাব এর টহল গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা জজ আদালত ও চুয়াডাঙ্গা ক্লাবের মধ্যবর্তী সড়কে টহল দেয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা টহলগাড়ি লক্ষ্য করে একটি বোমা ছুড়লেও অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়।
সন্ত্রাসীদের ওই বোমা হামলায় কোন র্যাব সদস্য হতাহত না হলেও ঘটনার পরবর্তীতে র্যাব সদস্যদের বেধড়ক পিটুনিতে স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা আহত হয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, বোমাটি ছিলো শক্তিশালী এবং তা গাড়ির অল্প দূরেই প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে বোমার স্পিন্টারসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে।
হামলাকারীদের ধরতে পুলিশ ও র্যাব আলাদা অভিযানে নামে। অভিযানকালে র্যাব সদস্যরা চুয়াডাঙ্গার বড়বাজারের জনতা ফার্মেসীসহ বেশ কয়েকটি দোকানের মালিক ও পথচারীদের বেধড়ক পেটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে র্যাব এর চুয়াডাঙ্গা ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আনোয়ার জানান, বৃহস্পতিবার রাতে নিক্ষিপ্ত বোমাটি ছিলো একটি ককটেল। তিনি ব্যবসায়ী ও পথচারীদের পেটানোর অভিযোগ অস্বীকার করেন।
