মালয়েশিয়া যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন
বায়ু দূষণের মাত্রা বিপদসীমা অতিক্রম করায় বৃহস্পতিবার মালয়েশীয় সরকার তাদের দুটি উপকুলীয় শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এ অবস্থায় বাংলাদেশীদের সেখানে ভ্রমণ কোনো অবস্থাতেই নিরাপদ নয়।
তবে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার শাফি ইউ আহমেদ বিডিনিউজকে জানিয়েছেন, সেখানে কোনো বাংলাদেশীর বায়ু দূষণে আক্রান্ত হওয়ার কোনো খবর তিনি এখনও পাননি।
কুয়ালালামপুর থেকে টেলিফোনে তিনি জানান, এতে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। এটা তেমন ভয়ংকর কিছু নয়। আমাদের শ্রমিকরা সেখানে বেশ ভালভাবেই কাজ করছে। পরিস্থিতি এখনও সহনশীল রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশী শ্রমিকদের বেশিরভাগই ঘর অথবা কারখানার ভেতরে কাজ করে। তাই উপকুলীয় এলাকার এ পরিস্থিতিতে তাদের জন্য আশংকার কিছু নেই। তবে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এ দূষণের চরম শিকার।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বর্তমানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের শ্রমিক পাঠানো বন্ধ থাকলেও ব্যবসা ও ভ্রমণজনিত কারণে অনেক বাংলাদেশী প্রতিনিয়তই সেখানে যাচ্ছেন।
বায়ু দূষণযুক্ত উপকুলীয় শহর পোর্ট ক্লাং ও কুয়ালা সেলাংগোরে ইতোমধ্যে প্রায় ৫০০ আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। ওই দুটি শহরে প্রায় ১০ হাজার বাংলাদেশী শ্রমিক কর্মরত রয়েছে।
মালয়েশিয়ায় বৈধভাবে বর্তমানে প্রায় ৫৫ হাজার বাংলাদেশী শ্রমিক কর্মরত আছে। তবে অবৈধ ও বৈধ মিলিয়ে এ সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
