২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উটের জকিদের গল্প: ১৭ বছরের সেলিম অর্ধেক জীবন কাটিয়েছে সংযুক্ত আরব আমিরাতে উটের জকি হিসেবে

সতের বছর বয়সী সেলিমের জীবনের প্রায় অর্ধেক সময়ই কেটেছে সুদূর সংযুক্ত আবর আমিরাতে উটের দৌড় প্রতিযোগিতায় উটের সওয়ার হয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

আট বছর আগে আগে তার বাবা মা সংযুক্ত আরব আামিরাতে নিয়ে যায়। সেখানে সে উটের জকি হিসেবে কাজ করত।

সেলিমের বাবা আব্দুল লতিফ বলেন, এর বিনিময়ে আমরা প্রতিমাসে প্রায় ৩০০ রিয়েল করে পেতাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা আইনজীবী সমিতি ও ইউনিসেফ’র সহায়তায় সংযুক্ত আরব আমিরাতে উটের জকি হিসেবে কাজ করা অন্য ৩৪ বাংলাদেশীর সাথে সেও বৃহস্পতিবার দেশে ফিরে এসেছে।

সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গাইবান্ধার ছেলে সেলিম বিডিনিউজের সাথে আলাপকালে জানায়, কখনো কখনো আমি প্রচুর পরিমাণে খবার পেতাম, আবার কখনো না খেয়েই থাকতে হত। আমরা ভুল করলে মালিকরা আমাদের ওপর নির্যাতন চালাত।

এটা খুবই কঠিন কাজ। আমাদের সকাল থেকে রাত অবধি কাজ করতে হত। উট পালন, প্রশিক্ষণ দেয়া, উটের শরীর পরিস্কার করা এবং দৌড় প্রতিয়োগিতায় সওয়ার হওয়া- এ ছিল নিত্যদিনের কাজ।

সেলিম দাবি করে, সে দৌড় প্রতিযোগিতায় গত আট বছরে অনেক বার জয়ী হয়েছে। সে জানায়, সে জয়ী হওয়ায় তার মালিক মুকুট অর্জন করতেন।

সে আরও জানায়, শুরুতে আমি খুবই ভয় পেতাম। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আমি দক্ষ হয়ে উঠলাম এবং সেসময় দৌড় প্রতিযোগিতায় উটের জকি হতে একটুও ভয় পেতাম না।

সেলিম জানায়, উট জিতলে এর প্রশিক্ষক ছোট একটি পুরস্কার পেতেন। কিন্তু উটের জকি কিছুই পেত না বলে সে জানায়।

সেলিম জানায়, দৌড়ের সময় তার কোনও বন্ধু মারা যায়নি।

নিজের ঠিকানা ভুলে যাওয়া উটের জকি আল আমিন বলে, আমাদের কোনও ছুটি ছিল না। সে জানায়, সে খুব ছোট সময়েই সংযুক্ত আরব আমিরাত চলে যায়।

সে আরও জানায়, সে শেখ রাশেদ আল খামিস নামে এক মালিকের অধীনে কাজ করত। তাকে মাসে ৩০০ রিয়াল দেয়া হত বলে জানায় আল আমিন।

পারভীন বেগমের দুই ছেলে, রুবেল (১২) ও সুমনও (১০) উটের জকি হিসেবে কাজ করত। পারভীনও সংযুক্ত আরব আমিরাতে অন্য কাজ করত।

পারভীন জানায়, উটের জকিদের কোনও ছুটি নাই। প্রচণ্ড গরমের মধ্যেও তাদের সাত দিনই উট নিয়ে প্রশিক্ষণ দিতে হত।

সে জানায়, উট দৌড়ানোর আগে জকিদের উপোস থাকতে হত। এটা শাস্তি হিসেবে নয়। এটা করা হত জকিদের ওজন কম রাখার জন্য যাতে উট দ্রুত দৌড়াতে পারে।

সে আরও জানায়, শিশুদের কোনও শিক্ষা দেয়া হয় না।

কেবল আমিন ও রুবেল নয়, তাদের মতো অনেক শিশুরই রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মরভূমিতে বছরের পর বছর ধরে অমানবিক কাজ করার অভিজ্ঞতা।

তাদের অনেকেই তাদের দেশের ঠিকানা ভুলে গেছে, এমনকি অনেকে তাদের বাবার নাম পর্যন্ত ভুলে গেছে।

নিপীড়িত এসব শিশুরা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে মানিয়ে নিতে পারবে কিনা জানাতে চাওয়া হলে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, মানিয়ে নিতে পারবে বলে আমরা আশা করছি। আমরা এসব শিশুদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেব যাতে তারা তাদের দুঃসহ অতীত ভুলতে পারে এবং তাদের বাবা মা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে মানিয়ে নিতে পারে।