২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগনামা, হাতিয়া ও মনপুরায় গ্যাস অনুসন্ধানে কেয়ার্ণের সাথে চুক্তি হচ্ছে

বঙ্গোপসাগরের মগনামা, হাতিয়া এবং মনপুরা কাঠামোতে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান কূপ খননের জন্য ১৬ আগস্ট পেট্রোবাংলার সাথে কেয়ার্ণ এনার্জি পিএলসি’র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এর আওতায় এই তিন কাঠামোতে ২০০৮ সালের মে মাসের মধ্যে কেয়ার্ণ এনার্জি কমপক্ষে তিনটি অনুসন্ধান কূপ খনন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

১৬ নং ব্লকের জন্য কার্যকর উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি)’র দ্বিতীয় সংশোধনী নামে এই চুক্তির আওতায় কেয়ার্ণ ইতোমধ্যে ছেড়ে দেয়া এলাকার আলোচ্য তিনটি জায়গায় নতুন করে কূপ খননের অধিকার পাবে। চুক্তি স্বাক্ষরের এই প্রক্রিয়া ইতোমধ্যে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় অনুমোদন করেছে।

কেয়ার্ণ এনার্জি পিএলসিও কাঠামো তিনটিতে সাইসমিক সার্ভে এবং মূল্যায়ন কাজ শেষ করেছে। রিগ প্রাপ্তি সাপেক্ষে কেয়ার্ণ আগামী নভেম্বর থেকে খনন কাজ শুরু করবে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে। এই কাজে কেয়ার্ণ প্রাথমিকভাবে ৩০ থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে আশা করা যাচ্ছে।

পিএসসি’র দ্বিতীয় সংশোধনী চুক্তির আওতায় কেয়ার্ণ আগামী তিন বছরের জন্য মনপুরার ৩৭২ বর্গ কিলোমিটার, হাতিয়ার ৫৪১ বর্গ কিলোমিটার এবং ম্যাগনামার ৫১৫ বর্গ কিলোমিটার জায়গায় অনুসন্ধান কূপ খননের অধিকার পেতে যাচ্ছে।

চুক্তির আওতায় কেয়ার্ণ প্রত্যেক কাঠামোতে কমপক্ষে একটি করে অনুসন্ধান কূপ খনন করবে। চুক্তির উল্লেখযোগ্য দিক হচ্ছে কোনো কাঠামোতে গ্যাস পাওয়া না গেলে অন্য কাঠামোতে পাওয়া গ্যাস থেকে কিংবা সাঙ্গুর বর্তমান ফিল্ড থেকে কস্ট রিকোভারি করা যাবে না। কারিগরি ভাষায় এটাকে বলা হচ্ছে “ নো ক্রস স্ট্রাকচার কস্ট রিকোভারি”।

চুক্তির আওতায় কেয়ার্ণ পেট্রোবাংলাকে ট্রেনিং কর্মসূচির জন্য বছরে এক লাখ ডলার করে প্রদান করবে। অন্যদিকে প্রতিটি কূপ খনন গ্যারান্টি হিসাবে দেবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার করে। নির্ধারিত সময়ের মধ্যে এই কূপ খনন করতে ব্যর্থ হলে পেট্রোবাংলা এই অর্থ ক্যাশ করে নিতে পারবে।

১৬ নং ব্লকের জন্য কেয়ার্ণের সাথে ১৯৯৪ সালের ৫ মে প্রথম পিএসসি স্বাক্ষর করা হয়। এর আওতায় বর্তমানে তারা সাঙ্গু ফিল্ড থেকে গ্যাস সরবরাহ করছে। পিএসসি‘র শর্তানুসারে কেবলমাত্র উৎপাদন অঞ্চল ব্যতিত কেয়ার্ণ ১৬ নং ব্লকের বাকি এলাকা ছেড়ে দেয়। নতুন সংশোধনী চুক্তির আওতায় তারা ছেড়ে দেয়া এই ধরনের তিনটি কাঠামোতে অনুসন্ধান কূপ খননের অধিকার পাচ্ছে।