যশোরে কলকাতা থেকে আগত বাসের ধাক্কায় মহিলা নিহত
যশোর-মাগুরা সড়কে কলকাতা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পথচারী এক মহিলা নিহত এবং টম্পোচালক আহত হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলকাতা থেকে আগত ঢাকাগামী বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-০৩০৬) সাথে যশোর-মাগুরা সড়কের মনোহরপুর বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর (ঢাকা মেট্রো থ- ১১-৪৩৬০) মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় টেম্পোটি ছিটকে পথচারী মাহফুজাকে (৬০) আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলকাতা থেকে আগত যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহত টেম্পোচালক মেহেদীকে (২৫) আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
