সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ৮ আহত ৩২
সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, ঝালকাঠি এবং বরিশালে বুধবার পৃথক সড়ক দূর্ঘটনায় আট জন নিহত এবং কমপক্ষে ৩২ জন আহত হয়েছে।
বিডিনিউজ-এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা থেকে উত্তরঙ্গগামী মিথিলা পরিবহনের সংবাদপত্রবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্লাপাড়া উপজেলায় সিরাজগঞ্জ -- নগরবাড়ি মহাসড়কের পূর্ব দেলুয়া এলাকায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হয় এবং অপর সাতজন গুরুতর আহত হয়।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তার হল, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার দূর্গা সাহ (৪০) ও স্বপন সাহ (৩৫) এবং পাবনা জেলার কাশিনাথপুরের আলমাস (৩২)। অপর অজ্ঞাত নিহত ব্যক্তির (৩২) পকেট থেকে পুলিশ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে।
আহতদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সাতটায় ঢাকা থেকে দাউদকান্দিগামী একটি যাত্রিবাহী বাস সোনারগাঁওয়ের ত্রিবর্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে ঘটনাস্থলে দুজন পত্রিকার হকার রফিক (১৩) ও সিরাজুল ইসলাম (৪৪) নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়।
গুরুতর আহত আটজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাস দুর্ঘটনার কারণে বুধবার সোনারগাঁওয়ে কোনও পত্রিকা পৌঁছেনি।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুর থানার বাঘরী এলাকায় সকালে দ্রুতগামী একটি টেম্পো স্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রকে চাপা দেয়। এতে মাহফুজুর রহমান (৮) গুরুতর আহত হয়।
আহত স্কুল ছাত্রকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সে বাঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার পিতার নাম মিলন মল্লিক।
পুলিশ টেম্পোটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
অপর ঘটনায় রাজাপুর থেকে ঝালকাঠি যাওয়ার পথে থানা নির্বাহী কর্মকর্তার গাড়িকে পেছন থেকে খুলনা থেকে বরিশালগামী একটি বাস ধাক্কা দিলে নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার কুন্ডুসহ (৪৮) পাঁচ আরোহী গুরুতর আহত হন।
বরিশাল প্রতিনিধি জানান, দুপুরের দিকে গৌরনদী বাসস্ট্যান্ডে বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাস থানা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেনের শিশুপুত্র কফি আনানকে (২) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
