২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি কমলেও নীলফামারীতে বন্যার্ত মানুষের দুর্ভোগ কমেনি

তিস্তার পানি কমে যাওয়ায় নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এ দু’টি উপজেলায় তিস্তা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে বসবাসকারী প্রায় ২০ হাজার পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 10:24 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বিশেষ করে তিস্তা ব্যারেজের তিন কিলোমিটার ভাটিতে নদী বেষ্টিত বাইশপুকুর গ্রামের সাড়ে তিন হাজার মানুষের অবস্থা বেশ শোচনীয়। এ গ্রামটি থেকে প্রমত্তা তিস্তা পাড়ি দিয়ে মানুষ নিরাপদেও কোথাও যাওয়া আসা করতে পারছে না। দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্থ হলেও সরকারিভাবে কোন সাহায্যও পৌঁছেনি গ্রামটিতে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। তবে সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত পানি বৃদ্ধির গতি ছিলো ভয়াবহ। ওই সময়ে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার প্রায় ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী বিডিনিউজকে জানান, পরিস্থিতি মোকাবেলার যাবতীয় প্রস্তুতি রয়েছে।

এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা‘ বন্যা কবলিত মানুষের খাদ্য ও চিকিৎসা সেবা দিতে ৬২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।