ভূঞাপুরে ভূয়া ম্যাজিস্ট্রেট ও ভূয়া সাংবাদিক গ্রেফতার
টাঙ্গাইলের ভূঞাপুরে এবার ধরা পড়েছে ভূয়া এক ম্যাজিস্ট্রেট ও পাঁচজন ভূয়া সাংবাদিক। পুলিশের সহায়তায় ভেজাল খাদ্য ও পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানোর নামে চাঁদাবাজি করার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া প্রতারণার কাজে সহায়তা করার জন্যে ওসিকে ক্লোজ করা হয়েছে।
গ্রেফতারকৃত ভূয়া ম্যাজিস্ট্রেটের নাম শাহজাহান (৪০) এবং ভূয়া সাংবাদিকরা হলো কাজী মো. সোলায়মান, ফরিদ উদ্দিন, মাহমুদ আলম, মো. দুলাল, ও গাড়ির চালক আবদুল আওয়াল।
সংশ্লিষ্ট সূত্রগুলোগুলো জানায়, সোমবার সকালে পাঁচজন একটি মাইক্রোবাসে করে ভূঞাপুর থানায় এসে একজন ম্যাজিস্ট্রেট ও অন্যরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার ফাউন্ডেশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং উপজেলার বিভিন্ন বাজারে ভেজাল খাদ্য ও পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানোর জন্যে সহায়তা চায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের সঙ্গে একজন এসআই এবং তিনজন কনস্টেবল পাঠায়। এরপর তারা কয়েকটি বাজারে গিয়ে ব্যবসায়ীদের আটক করে টাকা আদায় করতে থাকে।
তাদের কর্মকাণ্ডে সন্দেহ হলে ওসিকে বিষয়টি অবহিত করা হয়। বিষয়টি থানার ওসিকে জানালে তাদের থানায় নিয়ে আসার নির্দেশ দেয়। থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদকালে প্রতারণার বিষয় ধরা পড়ে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে তাদের জামিনের আবেদন না মঞ্জুর করা হয়।
