২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ: কর্তৃপক্ষের অনিয়মে শিক্ষাকার্যক্রম ব্যাহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ কর্তৃপক্ষের অনিয়মের ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

স্কুল ও কলেজের জুনিয়র প্রভাষকরা ক্লাস রুটিন বন্টনে প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মঙ্গরবার কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতি পালন করে।

এ অনিয়মের প্রতিবাদে তারা বুধবার কালোব্যাজ ধারণ ও কর্মবিরতি পালন এবং বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

সূত্র জানায়, স্কুল ও কলেজের শিক্ষকদের বার্ষিক ক্লাস বন্টনের জন্যে প্রতি বছর একটি রুটিন কমিটি গঠিত হয়। এ কমিটি শিক্ষক সভায় শিক্ষকদের মতামতের ভিত্তিতে গঠিত হয়। কিন্তু সম্প্রতি ১১ জন প্রভাষক ও জুনিয়র প্রভাষক যোগদান করায় রুটিন পরিবর্ধনের প্রয়োজন হয়ে পড়ে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন নিয়ম নীতির তোয়াক্কা না করে ২০০৫ সালের রুটিন কমিটিকে বাদ দিয়ে নতুন রুটিন কমিটি গঠন করে।

নতুন রুটিন অনুযায়ী কোনো শিক্ষকের কম আবার কোনো শিক্ষকের বেশি ক্লাস দেওয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কর্মবিরতিরত শিক্ষকরা জানান, বৃহস্পতিবারের মধ্যে ক্লাস রুটিন বন্টনে অসঙ্গতি দূর না করলে লাগাতার কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে, স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খান বলেন, শিক্ষকদের কর্মবিরতি থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।