রাজশাহী আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ: ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০
রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে সোমবার ছাত্রদল ও শিবিরের সশস্ত্র সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য আইএইচটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীদের মঙ্গলবার রাত নয়টার মধ্যে হল ছেড়ে যেতে বলা হয়েছে।
দু’ গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়।
কর্তৃপক্ষের আদেশের কারণে মঙ্গলবার বেলা দুইটার মধ্যে দুইশ’ বেডের ছাত্রহল দুইটি খালি হয়ে যায় এবং একশ’ বেডের ছাত্রী হলটি মঙ্গলবার রাত নয়টার মধ্যে ছেড়ে যেতে বলা হয়েছে।
সংঘর্ষের ফলে দু’ পক্ষের দখলে থাকা ২০টি কক্ষ লণ্ডভণ্ড হয়ে গেছে এবং বেশকিছু কক্ষে লুটপাট চালানো হয়েছে। ছাত্রদলের এক নেতাকে শিবিরকর্মীদের হাত থেকে মুক্ত করতে গিয়ে রাত একটা থেকে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পরবর্তী ১২ ঘণ্টা ধরে দফায় দফায় এ সংঘর্র্ষ চলে।
আইএইচটি ছাত্রদলের সভাপতি শহীদুল ইসলাম, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, ক্যাম্পাস সভাপতি সেলিম রেজা, সদস্য আরিফুর রহমান, চিত্রাংশু দাস রাজন, আব্দুল্লাহ আল মামুন সজিব, আব্দুল জলিল, রাসেল মাহবুব এবং ছাত্রশিবির কর্মী মেহেদী হাসান ও রেজাউল করিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ও খোরশেদ খান এবং সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন ও সদস্য আরিফুল ইসলামও আহত হয়েছেন।
আহতদের মধ্যে রাজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবিরের দখলে থাকা তিন তলা বিশিষ্ট শামীম হোস্টেলের ৩১২ নং কক্ষের একটি বেড দখলকে কেন্দ্র করে ছাত্রশিবিরের কর্মীরা ছাত্রদলের সহ সভাপতি সাজ্জাদ হোসেনের ওপর হামলা চালায়। দু’গ্র“পই সংঘর্ষে হাতুড়ি, ভাঙা বোতল ও হকিস্টিক ব্যবহার করে। ভোরের দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু বেলা ১১ টার দিকে ছাত্রী হোস্টেলের সামনে মিছিল থেকে বেরিয়ে এলে শিবিরের কর্মীরা ছাত্রদলের একজনের ওপর হামলা চালালে আবারও সংঘর্ষ বাধে।
সংঘর্ষের এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এবং এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি।
