প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা পানির নিচে, রামুতে বৃদ্ধের মৃত্যু
কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে কক্সবাজার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজার সদর, রামু, টেকনাফ, উখিয়া ও চকরিয়া উপজেলায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি ঢুকে এসকল এলাকায় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত দুদিনে রামুতে পানিতে ভেসে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটে ও চকরিয়ায় দুজন মাদ্রাসা ছাত্রী নদীতে ভেসে যায়। এদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হয়েছে। কক্সবাজার-টেকনাফ সড়কে বিভিন্ন এলাকায় পানি জমে ভাঙ্গনেরও সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সময়ে থেমে থেমে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী, ভারুয়াখালী, ইসলামপুর, পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ ও খরুলিয়া, রামু উপজেলার বিস্তীর্ণ এলাকা, টেকনাফের শাহপরীর দ্বীপ, হীলা ও হোয়াইক্যং, উখিয়া উপজেলার পালংখালী, থাইংখালী, বালুখালী কাষ্টমস্ এলাকা পানিতে তলিয়ে যায়।
এ সকল এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
রামুতে সোমবার পাহাড়ী ঢলের কারণে নদী পারাপারের সময় এক বৃদ্ধের সলিল সমাধি হয়। এ এলাকার বাকঁখালী নদী সংলগ্ন বাড়ি ঘরেও ব্যাপক ক্ষতি হয়। প্রবল বৃষ্টিপাতে অতিমাত্রায় পানি বেড়ে গিয়ে রামুর রাজারকুলের বড়–য়া পাড়ার খেয়াঘাট পারাপারের সময় নৌকা ডুবে এক শিশু, দুজন মহিলা ও এক বৃদ্ধ পানিতে ভেসে যায়। ছয় যাত্রীর পাঁচ জন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও বৃদ্ধকে খুঁজে পাওয়া যায়নি।
পরদিন বিকেলে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে চাকমারকুল এলাকায় বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ পাওয়া যায়। তিনি ফতেখাঁরকুল ইউনিয়নের ফাঁড়িকুল গ্রামের মনিরুজ্জামান (৭০) বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণে বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে রামু উপজেলার চাকমারকুল, ডিঙ্গারচর, দক্ষিণ রাজারকুল, নাসিকুল, পূর্ব রাজারকুল, ফতেখাঁরকুল, বানিয়া পুকুরের ভাঙ্গা, ভূত পাড়া, দরগাহ পাড়া, মনিরঝিল, মইশকুমসহ বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায়।
অপরদিকে কক্সবাজার--টেকনাফ সড়কে বৃষ্টির পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের থাইংখালী ও পালংখালীর কয়েকটি অংশে প্রধান সড়ক পানিতে ডুবে গেলে সোমবার সকালে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে মাটি জমে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। টেকনাফ উপজেলাধীন বিভিন্ন এলাকায় পানি জমে দু’শতাধিক ঘরবাড়ি তলিয়ে যায়।
এসকল এলাকায় ২০ জন নারী ও শিশু আহত হয়। টেকনাফের শাহপরীরদ্বীপের পশ্চিমে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে উত্তাল সাগরের জোয়ারের পানি ঢুকে ব্যাপক ক্ষতি সাধিত হয়। ব্যাপক হারে নষ্ট হয় ফসল। টেকনাফ উপজেলায় চিংড়ি ঘেরগুলোতেও পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রোববার চকরিয়ার মাতামুহুরী নদীর বেতুয়া বাজার এলাকায় পাহাড়ী ঢলের প্রবল স্রোতে ভেসে গেছে দুই মাদ্রাসা ছাত্রী। এ দু’জনের মধ্যে ফারজানা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীকে পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, বৃহত্তর চকরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে ডুবে আছে। এ এলাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।
