ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রীদের জন্যে আলাদা নামাজ পড়ার ব্যবস্থা হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে ছাত্রীদের জন্য আলাদাভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে সদস্যদের জন্যে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একেএম রফিকুন্নবীর এক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ এ প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, ছাত্রীদের দাবির অনুযায়ী অচিরেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মেয়েদের জন্যে আলাদাভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হবে। ইমাম নারী না পুরুষ হবে, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছাত্রীরা যেভাবে চাইবে সেভাবে ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, ছাত্রীরা চাইলে সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা হবে।
ঢাবি‘র অর্থনীতি বিভাগের ছাত্রী খাদিজা পারভীন বিডিনিউজকে বলেন, কেন্দ্রীয় মসজিদে যদি পর্দার মধ্যে আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা যায়, তাহলে ছাত্রীদের জন্যে তা খুবই সুবিধাজনক হবে। এক্ষেত্রে মেয়েদের জন্যে মসজিদে প্রবেশের আলাদা ব্যবস্থা করতে হবে।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মেয়েদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই।
