এ বছরই ঢাকায় আসছেন মনমোহন সিং
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এ বছরের মধ্যেই ঢাকা সফরে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র জানায়, ভারত ও বাংলাদেশ দু’ পক্ষ চায় এ সফরটি অনুষ্ঠিত হোক এবং দু’ দেশের প্রধানমন্ত্রীও সেটা চান।
ভারতের প্রধানমন্ত্রীর এ সফর সার্ক সম্মেলনের সময়েও অনুষ্ঠিত হতে পারে এবং তাহলে সেটি হবে দ্বিপাক্ষিক সফর।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারিতে ভারত সফর করবেন বলে সূত্র জানায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে এবং আরো কিছু সফরের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত হয়ে পড়ার আগেই মনমোহন সিংয়ের এ সফর অনুষ্ঠিত হবে বলে সূত্রটি ইঙ্গিত দেয়।
অন্যদিকে, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে মনমোহন সিংয়ের এ সফরকে ফলপ্রসূ করে তুলতে ঢাকা ও নতুন দিল্লি একযোগে কাজ করছে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর এ বিনিময় সফর ফলপ্রসূ হবে বলে আমরা আশা করছি।
