চট্টগ্রামে কোটি টাকা মূল্যের শিবমূর্তি উদ্ধার
চট্টগ্রামে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রোববার অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি শিবমূর্তি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ ক্রেতা সেজে মূর্তি চুরির সাথে জড়িত ফারুক, সাহেদ ও জুয়েলের সাথে দেখা করে এবং এদের সাথে দর কষাকষি শুরু করে। এক পর্যায়ে জুয়েল পুলিশকে চিনে ফেলে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের তিনজনকেই গ্রেফতার করে।
ওই তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ চট্টগ্রাম ইপিজেড এলাকায় শ্যামল নামের এক গার্মেন্টস শ্রমিকের বাসা থেকে ৪৭ কেজি ওজনের শিবমূর্তিটি উদ্ধার করে এবং শ্যামলকে গ্রেফতার করে।
পরে পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় জড়িত বকুল ও সালাম নামের আরও দুইজনকে গ্রেফতার করে। শিবমূর্তি চুরির ব্যাপারে গ্রেফতারকৃতরা পরস্পরকে দায়ী করছে। তবে ডিবি পুলিশের ধারণা, গ্রেফতারকৃতরা বড় কোন অপরাধী চক্রের সাথে জড়িত।
