বাংলাদেশের জাতিগত সম্প্রীতিতে আমি মুগ্ধ: নটবর
ভারতের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং বলেছেন, বাংলাদেশের জাতিগত সম্প্রীতিতে আমি মুগ্ধ।সোমবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ও স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এক সুধিসমাবেশে বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, যদিও বাংলাদেশে আমি এই প্রথম এসেছি কিন্তু মানসিকভাবে আমি অনেক আগেই গান্ধী আশ্রমে এসেছি। গান্ধীজী নোয়াখালীর এই জয়াগ গ্রামে এসে অহিংস নীতি প্রচার করেছিলেন। এই পবিত্র ভূমিতে এসে আমি ধন্য।
তিনি বলেন, এখানে হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতি বিরাজ করছে, তা দেখে আমি মুগ্ধ।
তিনি গান্ধী জাদুঘরে সংরক্ষিত ছবিগুলো সংরক্ষণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে জাদুঘর পরিদর্শনকালে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় গান্ধী আশ্রম ট্রাস্টের সদস্য শ্রীমতি ঝর্না ধারা চৌধুরী তাকে মহাত্মা গান্ধীর একটি ছবি উপহার দেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি বলেন, গান্ধী আশ্রম বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এবং এখানে মহামানব গান্ধীজীর স্মৃতি উজ্জীবিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হাশেম বলেন, গান্ধী ছিলেন মহান নেতা। তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেছেন এবং ভারত বর্ষ স্বাধীন করেছেন।
স্বাগত বক্তব্যে গান্ধী আশ্রম ট্রাস্টের সদস্য শ্রীমতি ঝর্না ধারা চৌধুরী বাংলাদেশ ও ভারতের যৌথ সহযোগিতায় পরিচালিত আশ্রমের ট্রাস্টি বোর্ডের কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, গান্ধীজী মরেননি, তিনি মানুষের হৃদয়ে আছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতীয় পররাষ্ট্র সচিব শ্যাম সরন, যুগ্মসচিব মোহন কুমার এবং নিলম দিও, নোয়াখালীর জেলাপ্রশাসক শাহাদাত হোসেন মজুমদার, পুলিশ সুপার একেএম শহিদুর রহমান পিপিএম প্রমুখ।
