জিয়ায় ব্রিটিশ এয়ারওয়েজে সন্ত্রাসী হামলার আশঙ্কা, ফ্লাইট বিলম্বিত
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট সোমবার বোমা হামলার হুমকিতে বিলম্বে যাত্রা করেছে। সন্দেহভাজন সন্ত্রাসীরা বোমা নিয়ে ফ্লাইটে আরোহন করেছে- ইন্টারপোলের এ ধরনের তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে উড্ডয়ন করেছে। গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।
বোমা হামলার হুমকির প্রেক্ষিতে বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা বিমানে ব্যাপক তল¬াশি চালায়। তবে এ সময় তারা কোনও বোমা বা বিস্ফোরকের সন্ধান পায়নি। প্রাথমিক সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও তিন মরক্কোর নাগরিককে আটক করা হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজের বিএ--১৪৪ বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বোমা হামলার হুমকি থাকায় তিন ঘন্টারও বেশি বিলম্বে ১০টা ৫৫ মিনিটে বিমানটি জিয়া ত্যাগ করে। তবে সন্দেহভাজন ছয় বিদেশিকে ছাড়াই বিমানটি জিয়া ত্যাগ করেছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) আজাদ জহিরুল ইসলাম প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটটি বিলম্বিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি অবশ্য বিডিনিউজকে জানান, আদৌ ওই ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি ছিলো না।
সিএসও আজাদ আরও জানান, নিরাপত্তা সংস্থার কাছে তথ্য ছিলো, ওই ফ্লাইটির যাত্রীদের মধ্যে কয়েকজন সন্দেহভাজন রয়েছে। ওই তথ্যের ভিত্তিতেই ফ্লাইটটি উড্ডয়নের আগে হুইল চেয়ার আরোহী একজন বয়স্ক মহিলা ও তিনজন মরক্কোর নাগরিককে বিমান থেকে নামিয়ে তল্লাশি করা হয়। কিন্তু তাদের কাছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
অবশ্য তিন মরক্কোর নাগরিক এলহিথু তারেক, ইয়াসিন ইল¬াছ ও মোহাম্মদ সাব্বাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। তবে ব্রিটিশ নাগরিক কাজী নজরুল ইসলাম, কাজী এন রহমান এবং নুরুন নাহার চৌধুরীকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
