বীমা আইন লঙ্ঘনের দায়ে ৩৭.১৬ লাখ টাকা জরিমানা
চিফ কন্ট্রোলার অব ইন্সুরেন্স (সিসিআই) এর কার্যালয় আইন লংঘনের অভিযোগে ২০০৪-০৫ অর্থবছরে বেশ কয়েকটি বীমা কোম্পানির বিরুদ্ধে ৩৭লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে। সংম্লিষ্ট সূত্রে রোববার এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগের অর্থবছরের আদায়কৃত জরিমানার অর্থ থেকে এ বছরের জরিমানা ৬৫ শতাংশ বেশি। ২০০৩-০৪ অর্থবছরে জরিমানার পরিমাণ ছিল ২২ দশমিক ৫২ লাখ টাকা।
চিফ কন্ট্রোলার অব ইন্সুরেন্স ফিরোজ আহমেদ বিডিনিউজকে বলেন, এতে প্রমাণিত হয় দেশের বীমা কোম্পানিগুলোর মধ্যে ইন্সুরেন্স আইন লংঘনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন গত অর্থবছরে দেশের শতকরা ৯০ ভাগ কোম্পানি সরকারি আইন লংঘন করেছে।
কোম্পানিগুলোর প্রতিবছর অর্থ বিবরণীসহ অডিট রিপোর্ট জমা দেয়ার কথা থাকলেও অধিকাংশ কোম্পানিই তা পালন করেনা।
তিনি আরও বলেন, কেবল অর্থ বিবরণী জমা দেয়াই যথেষ্ট নয়। প্রতিটি ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে আমাদের বিশেষ অডিট পরিচালনা করতে হবে।
১৯৩৮ সালে প্রচলিত মান্ধাতার আমলের বীমা আইন ও ১৯৫৮ সালে গ্রহীত বিধিমালা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, নতুন আইন প্রণয়নের কোনও পরিকল্পনা নেই। তবে কিছু সংশোধনী আনা হবে এবং সে লক্ষ্যে কাজ চলছে।
সিসিআই জানান, ইতোমধ্যেই এক সংশোধনীর মাধ্যমে জরিমানার টাকা এক হাজার থেকে বাডিয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
সূত্র জানায়, ১৯৭১ সালে দেশে বীমা কোম্পানির সংখ্যা ছিল মাত্র তিনটি। বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ টিতে।
