টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫
টাঙ্গাইল--ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে কেন্দুয়া থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের দু’টি যাত্রীবাহী বাস ওভারটেক করার চেষ্টা করে। এ সময় একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৩৬৫) আনারস ভর্তি একটি ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ধনবাড়ি থানার বাসচালক নেপাল (৩০), কালিহাতি উপজেলার বেগুনটালি গ্রামের লাল মিয়া (৩৫) নামে এক যাত্রী ও অজ্ঞাতনামা ভ্যানচালক নিহত হয়।
