২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে ঃ নটবর সিং

ভারতের পররাষ্ট্র মন্ত্রী কে নটবর সিং বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে দিল্লি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে তিনদিনের শুভেচ্ছা সফরে শনিবার ঢাকা পৌঁছে তিনি এ কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 01:39 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

নটবর সিং বলেন, দুই দেশের জনগণের কল্যাণের জন্য প্রয়োজনীয় টেকসই ও গঠনমূলক পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের কথা আমরা পুনর্ব্যক্ত করতে চাই।

তিনি বলেন, ঢাকায় আসতে পেরে আমি খুবই আনন্দিত। এটাই আমার প্রথম সফর। এই সফরেই ঐতিহাসিক রাজধানী ঢাকা ঘুরে দেখার ইচ্ছা আমার রয়েছে।

শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে নটবর সিং ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকা পৌঁছান।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিমান বন্দরে স্বাগত জানান।

তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে শনিবার ১২টা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠককালে তিনি সার্ক নিয়ে আলোচনা করবেন বলে সিং জানান।

তিনি বলেন,  মোরশেদ খানের দিল্লি সফরের কারণে আমার ঢাকা সফর আসার যে প্রয়োজন ছিল, তা সম্পন্ন করতে পেরে আমি খুশি। ভারতের  মূল্যবান ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের সাথে আমাদের যে সংলাপ চলছে, আমার সফর তারই একটা অংশ।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, তা পৌঁছে দেয়ার ব্যাপারে তিনি আশাবাদী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্রুত ভারত সফরের দিকে আমরা তাকিয়ে আছি।

বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মোরশেদ খানের সাথে তার বৈঠকে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে জড়িত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সিং জানান। 

তিনি বলেন, আমরা যখন আমাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ নিয়ে বৈঠকে বসব, তখন আমরা দুই দেশের  জনগণের বৃহত্তর কল্যাণের বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেব।

তিনি আরও জানান, সুসম্পর্ক, শান্তি ও পারস্পরিক সমৃদ্ধি অর্জনে সরকার ও ভারতের জনগণ বাংলাদেশের প্রতি সবসময় অকুণ্ঠ সমর্থন জানিয়ে এসেছে। তার ভাষায়, আঞ্চলিক ও বিবিধ ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ভারত প্রতিশ্র“তিবদ্ধ।