২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি ও এক ইসির মধ্যে সম্পর্কের অবনতি

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নির্বাচন কমিশনারের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী ২ আগস্ট একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সংসদে নারীদের জন্যে সংরক্ষিত ৪৫টি আসনে আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

টিভি চ্যানেলটিতে ওইদিন দুপুরে সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ দ্রুত কমিশনের বৈঠক ডাকেন এবং ৬ সেপ্টেম্বর নির্বাচনের  তারিখ পুনঃনির্ধারণ করেন।

নাটকীয় এ ঘটনার পর সিইসি এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী উভয়ই ক্ষিপ্ত হয়ে ওঠেন।

নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সিইসি এবং ওই নির্বাচন কমিশনার উভয়ই বাকযুদ্ধে অবতীর্ণ হন এবং তারিখ নির্ধারণের ক্ষেত্রে কার্যপদ্ধতি না মানার অভিযোগ এনে পরস্পরকে দোষারোপ করেন।

পুরো ঘটনা বর্ণনা করে নির্বাচন কমিশনার মোহ্ম্মাদ আলী বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, ২ আগস্ট সকালে প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সহকারী মোস্তফা ফারুক সিইসি এককভাবে ৪ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন এমন একটি ফাইল তার কাছে নিয়ে আসেন।

তিনি বলেন, আমি ফাইলের তথ্য অনুযায়ী টিভি চ্যানেলকে নির্বাচনের তারিখ জানিয়েছি। এতে দোষের কিছু দেখছি না। কিন্তু বেলা ২টায় আমি অফিস থেকে চলে যাওয়ার পর সিইসি কমিশনের বৈঠক ডেকে আকস্মিকভাবে নির্বাচনের তারিখ পরিবর্তন করেন।

তিনি বলেন, আমার মনে হয় ব্যক্তিগত আক্রোশের ভিত্তিতে সিইসি নির্বাচনের তারিখ পরিবর্তন করেছেন। তিনি এককভাবে তারিখ পরিবর্তন করেছেন। যাতে কোনও দ্বন্দ্ব  এবং কমিশনের ভাবমূর্তি ক্ষুণœ না হয়, সেজন্যে আমি তাকে স্বাক্ষর করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমি তাকে বিব্রত করতে চাইনি বলে এখন পর্যন্ত এ ব্যাপারে তার সাথে কোনও কথা বলিনি।

তবে প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রয়োজনীয় কার্য পদ্ধতি মেনেই নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

আমি একা কোনও সিদ্ধান্ত নিইনি। আমি নির্বাচনের তারিখ ৪ সেপ্টেম্বর প্রস্তাব করেছিলাম মাত্র এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যেই ওইদিন বেলা আড়াইটায় বৈঠক ডেকেছিলাম।

সিইসি বলেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী টিভি চ্যানেলের কাছে ৪ সেপ্টেম্বরকেই নির্বাচনের তারিখ হিসেবে উল্লেখ করেন করেন এবং বেলা ২টায় অফিস থেকে চলে যান।

তিনি বলেন, আড়াইটায় বৈঠক ডাকার পরও মোহাম্মদ আলীর মতো একজন দায়িত্বশীল নির্বাচন কমিশনার ২টায় অফিস থেকে চলে যেতে পারেন না।

তিনি  আরও বলেন, আমি এককভাবে নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করিনি...এসময় আমার সঙ্গে অপর নির্বাচন কমিশনার এম মুন্সেফ আলী উপস্থিত ছিলেন।

নির্বাচন কশিনের কার্যাবলী নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার ক্ষেত্রে  নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে মোহাম্মদ আলী বলেন, এখানে কী হচ্ছে, জনগণের তা জানা উচিত।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা জনগণের স্বার্থ নিয়েই কাজ করছি এবং এখানে কী ঘটছে, জনগণের তা জানার অধিকার আছে।