২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সমর্থক আইনজীবীদের দ্বন্দ্ব, মহা সমাবেশ অনিশ্চিত

সরকার সমর্থক আইনজীবীদের মধ্যে বিরোধের জের ধরে বুধবার সুপ্রিম কোর্ট শাখা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (জেএওপি) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (জেএএফ) ভেঙে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

জেএওপি ও জেএএফ কমিটি ভেঙে যাওয়ায় আগামী ৫ আগস্ট সরকার সমর্থক আইনজীবীদের মহাসমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে  সুপ্রিম কোর্ট সূত্র জানায়। ২৯ জুলাই অনুষ্ঠিত সরকার বিরোধী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (এসএএসপি) মহাসমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে এ সমাবেশ ডাকা হয়েছিলো।

ক্ষমতাসীন জোট সমর্থক আইনজীবীদের সংগঠন জেএওপি’র আহ্বায়ক ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার  জেএওপি ও জেএএফ’র সুপ্রিম কোর্ট শাখা ভেঙে দিয়েছেন। জেএএফ আগামী ৫ আগস্ট মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল।

ব্যারিস্টার নাজমুল হুদা প্রেস কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৫ আগস্টের সমাবেশে উপস্থিত না থাকার ব্যাপারে আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, জেএএফ সভাপতি অ্যাডভোকেট টিএইচ খান মঙ্গলবার বিডিনিউজকে জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যথাসময়ে ও যথাস্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে। জেএএফ কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে নাজমুল হুদার আইনসম্মত কোনও ক্ষমতা নেই বলেও জেএএফ নেতারা জানান।

জেএএফ’র সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান জানান, মাত্র তিনমাস আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বাসভবনে জেএএফ’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় এবং ওই কমিটিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটি গঠনের সময় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, অ্যাডভোকেট টিএইচ খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপি, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীসহ পাঁচশ’ আইনজীবী উপস্থিত ছিলেন। সেখানেই সুপ্রিম কোর্ট শাখার কমিটি গঠন করা হয়।

জেএওপি ও জেএএফ’র সুপ্রিম কোর্ট শাখার কমিটিকে পকেট কমিটি বলে উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী প্রেস কনফারেন্সে বলেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, ১৭৫ জন সিনিয়র আইনজীবীর লিখিত আবেদনের প্রেক্ষিতে তিনি কমিটি দুটি ভেঙে দেন।

তিনি জেএএফ নেতাদের মহাসমাবেশের তারিখ পরিবর্তন ও সুপ্রিম কোর্টের বাইরে এটি করার ব্যাপারে প্রেস কনফারেন্সে আহ্বান জানান।

নাজমুল হুদা বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর ও অ্যাডভোকেট শামসুল আলমকে প্রধান করে ইতিমধ্যে দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

প্রেস কন্সফারেন্সে জেএওপি’র সদস্য সচিব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মো. চৌধুরী আলাল, গোলাম কবির ও জামান আক্তার বুলবুল এবং অ্যাডভোকেট শামসুল আলম উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেএএফ কমিটি ৫ আগস্টের মহাসমাবেশের ব্যাপারে তাদের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। আমন্ত্রণপত্রে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে প্রধানমন্ত্রী করা হয়েছে।

সূত্র জানায়, গত বছর বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহমেদ এমপি’র একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে জোট সমর্থক আইনজীবীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তিনি মন্তব্য করেন, দেশের ১২ হাজারের বেশি আইনজীবীদের একজনও বাংলায় কিংবা ইংরেজিতে শুদ্ধ করে একটি দরখাস্ত লিখতে জানেন না।

পরবর্তীতে সরকার সমর্থক আইনজীবীরা তাদের প্যানেল হেরে যাওয়ার জন্য

মাহবুবকে দায়ী করেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জেএএফ’র এক বৈঠকে ব্যারিস্টার নাজমুল হুদা বার কাউন্সিল নির্বাচনে পরাজয়ের জন্য সরাসরি তাকে দোষারোপ করেন।

ব্যারিস্টার হুদা ও মাহবুব আইনজীবীদের সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরস্পরকে দোষারোপ করে আসছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব এমপি স্থায়ী কমিটির এক সভায় দুটি হত্যা মামলায় অভিযুক্ত মহিউদ্দিন আহমেদ জিন্টুকে রাজনৈতিক ক্ষমা প্রদান করার বিষয়টিকে ত্র“টিপূর্ণ বলে উল্লেখ করেন।