বরিশালে চাপকল থেকে গ্যাস বের হচ্ছে
বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে শোলনার কলাডেমা বাজারের মসজিদ সংলগ্ন একটি টিউবওয়েল থেকে গ্যাস বের হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।
জানা যায়, স্থানীয় অধিবাসীরা গত চার দিন থেকে ওই টিউবওয়েল থেকে বুদবুদ আকারে গ্যাস উঠতে দেখে।
এসময় তারা বার বার বালু দিয়ে গ্যাস নির্গমন বন্ধের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
পরে এলাকাবাসী ওই গ্যাসে অগ্নি সংযোগ করে এ বিষয়ে নিশ্চিত হয়।
কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য নূরুল আলম এবং আমীর হোসেন গ্যাস উদগিরনের কথা স্বীকার করে বিডিনিউজকে বলেন, চার দিন আগে থেকে তারা ওই টিউবওয়েল থেকে গ্যাস নির্গত হতে দেখেছে। তবে তারা এ বিষয়টি প্রশাসনকে এখন পর্যন্ত জানায়নি।
