আটকে পড়া পাকিস্তানীদের নেতা নাসিম খানকে পাকিস্তানের জাতীয় নেতা ঘোষণার দাবি
দেশে আটকে পড়া পাকিস্তানীরা তাদের নেতা মোহাম্মদ নাসিম খানকে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্যে ১৪ আগস্টের মধ্যে পাকিস্তানের জাতীয় নেতা ঘোষণার দাবি জানিয়েছে।
স্ট্র্যান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি) মঙ্গলবার রংপুরে এক হোটেলে সংবাদ সম্মেলনে তারা হুমকি দিয়ে বলেছে, এর অন্যথায় ওইদিন বাংলাদেশে পাকিস্তানী হাইকমিশনের সামনে ঘেরাও, বিক্ষোভ, কালো পতাকা প্রদর্শন ও লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
সম্মেলনে জানানো হয়, যুগযুগ ধরে তারা বাংলাদেশে উদ্বাস্তু অবস্থায় রয়েছে। পাকিস্তান প্রত্যাবর্তন প্রশ্নে সেখানকার সরকার তেমন কোনও জোড়ালো ভূমিকা রাখেনি। পাশাপাশি বাংলাদেশী সরকারও আটকেপড়া তিন লাখ পাকিস্তানিকে ফেরত পাঠানোর কোনও ব্যবস্থা নিচ্ছে না।
তারা দাবি করেন, তাদের পাকিস্তানে ফেরত পাঠান হোক, না হয় ভোটাধিকার দিয়ে বাংলাদেশের নাগরিক করা হোক। দেশের বিভিন্ন জেলায় ৬০টি ক্যাম্পে অবস্থানকারী আটকে পড়াদের বিদ্যুৎ, পানি, খাদ্য সমস্যা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন।
এসপিজিআরসির পৃষ্ঠপোষক আলহাজ্ব মোহাম্মদ নাসিম খান গুরুতর আসুস্থ হয়ে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসপিজিআরসির প্রেসিডেন্ট আব্দুল জব্বার খান, এহেতেশাম উদ্দিন, সেক্রেটারি জেনারেল শওকত আলী, নেছার আহমেদ প্রমুখ।
