উদ্ধোধনের অপেক্ষায় বগুড়ার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ভেন্যু
আন্তর্জাতিক ওয়ানডে ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম। শুধু ক্রিকেটের জন্য নির্মিত এই স্টেডিয়ামের উইকেট এবং আউটফিল্ড পুরোপুরি আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক আসর বসার আনুষাঙ্গিক সব সুযোগ সুবিধা এতে থাকলেও আবাসন ও সম্প্রচার সুবিধা সরেজমিনে দেখার জন্য ২ আগস্ট বগুড়া আসছেন বিশ্ব বিখ্যাত স্পোর্টস চ্যানেল ইএসপিএনের দুই প্রতিনিধি।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাদের দেওয়া রিপোর্টের উপর অনেকটা নির্ভর করছে ওয়ানডে ভেন্যুর। আন্তর্জাতিক ভেন্যু হবার প্রতিযোগিতায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম থাকলেও আধুনিক নির্মাণশৈলী, মান সম্পন্ন উইকেট ও আউটফিল্ড সর্বোপরি গত বছর যুব বিশ্বকাপ আয়োজনে সফলতার কারনে তুলনামুলক কোন অংশেই পিছিয়ে নেই বগুড়া শহীদ চাঁন্দু ষ্টেডিয়াম। তবে খেলোয়াড়, কর্মকর্তা, খেলা সম্প্রচারের বিশালবহর (আনুমানিক ৬০জন), আইসিসি কর্মকর্তাদের মান সম্পন্ন আবাসন ব্যবস্থা তৎসহ খেলোয়াড়দের আধুনিক জিম, সুইমিংপুল থাকা জরুরী। এসবের ঘাটতি রয়েছে।
এসব সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়ে গিয়েছিল ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন আইসিসির পূর্ববর্তী প্রতিনিধি দল।
সেই পরামর্শক্রমেই সুইমিংপুল, জিমনেসিয়াম, টেনিস কোটর্, নেট প্রাকটিস, সংবাদ সম্মেলনের বিশাল হল রুম, এসিযুক্ত আবাসিক ‘নাজ গার্ডেন’-এর নির্মান কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
জানা যায়, এ ভেন্যুতে দিবা-রাত্রি ম্যাচ আয়োজনে ফ্লাডলাইট স্থাপনের কাজ কয়েকদিন আগে শুরু হলেও কাজের গতি বেশ ঢিমেতালে এগুচ্ছে। আগামি ডিসেম্বরের মধ্যে ফ্লাডলাইটের সম্পূর্ণ করার সরকারি নির্দেশ থাকলেও, তা আদৌ সম্ভব হবে কিনা এ ব্যাপারে অনেকেই সন্দিহান।
এদিকে, নির্মাণ প্রতিষ্ঠান ট্রান্সকম লিমিটেডের কাউকে সোমবার দুপুর পর্যন্ত স্থাপনার পাশে দেখা যায়নি।
